সপরিবারে যুক্তরাষ্ট্র যাচ্ছেন অপূর্ব
জিয়াউল ফারুক অপূর্ব, ছোটপর্দার দাপুটে অভিনেতা। অ্যাকশন-রোমান্টিক সব ধরনের নাটকে অপূর্ব অভিনয় করলেও রোমান্টিক নাটকেই দর্শক তাঁকে বেশি দেখেছেন। এ ছাড়া প্রতিবছর ভালোবাসা দিবসের নাটকগুলোতে অপূর্বর উপস্থিতি ছিল অনেক বেশি। তাই অপূর্বর ভক্তরা হয়তো আশা করে আছেন, আগামী বছরের ভালোবাসা দিবসেও অপূর্ব অভিনীত নাটক দেখবেন তাঁরা। কিন্তু সেই আশা পূরণ নাও হতে পারে!
নিশ্চয় ভাবছেন, কেন? কারণ এবার অপূর্ব নাটক, ক্যামেরা, লাইট, শুটিং, ডাবিং, স্ক্রিপ্ট- এসব নয়, ব্যস্ত থাকবেন অন্য কাজে, থাকবেন দেশের বাইরে। পারিবারিক কারণেই নাটকের শুটিং থেকে দূরে থাকতে হচ্ছে অপূর্বকে।

এনটিভি অনলাইনকে অপূর্ব বলেন, “প্রতিবছর ভালোবাসা দিবসের নাটকে অনেক কাজ করি আমি। সাধারণত ভালোবাসা দিবসের নাটকের শুটিং ডিসেম্বর ও জানুয়ারি মাসেই করা হয়। কিন্তু এবার হয়তো নাটকের শুটিং করার সুযোগ আমার হবে না। কারণ, আসছে ২০ ডিসেম্বর সপরিবারে আমি যুক্তরাষ্ট্রে ঘুরতে যাচ্ছি। ফিরব এক মাস পর। অনেকদিন পর বাইরে যাওয়ার সময় হলো আমার। এদিকে গেল সপ্তাহে শুধু মিজানুর রহমান আরিয়ান পরিচালিত ‘প্রেম তুমি’ নাটকে অভিনয় করেছি আমি। নাটকটিতে আমার সহশিল্পী ছিলেন মম। নাটকটি হয়তো ফেব্রুয়ারিতে প্রচার হতে পারে।”

নাইস নূর