মঞ্চে আতশবাজি, আগুনে আহত আলিয়া
বিভিন্ন অনুষ্ঠানে অনেক সময়ই বেশ বিপজ্জনক নৃত্য বা কসরত প্রদর্শন করেন বলিউডের বাঘা বাঘা তারকারা। সেজন্য বহুদিনের অনুশীলনের মাধ্যমে পুরো বিষয়টির সাথে নিজেদের ঠিকঠাক মানিয়ে নেন তাঁরা। তারপরও দুর্ঘটনা মাঝেমধ্যে ঘটেই যায়। আলিয়া ভাটের দুর্ভাগ্য, হঠাৎ করেই আগুনের আঁচে আহত হয়েছেন তিনি। টাইমস অব ইন্ডিয়ার খবর থেকে জানা গেল, মঞ্চে নাচার সময় হঠাৎ করে আলিয়ার মুখে আগুনের আঁচ লাগে।
গতকাল সোমবার মুম্বাইতে ‘বিগ স্টার এন্টারটেইনমেন্ট অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানে মঞ্চ মাতাচ্ছিলেন আলিয়া। পুরস্কার বিতরণী অনুষ্ঠান দেখার অভিজ্ঞতা যাদের আছে তারা নিশ্চয়ই জানেন, অনুষ্ঠান চলাকালে হুট করেই মঞ্চের আশপাশ থেকে আতশবাজি ফাটানো হয়। এমনই আতশবাজি ফাটানোর সময় আগুনের ফুলকি এসে লেগেছে তাঁর মুখ ও হাতে। প্রথমে টের না পেলেও একটু পরই তিনি অনুভব করেন জ্বলুনি।
এরপর আর অনুষ্ঠানে থাকেননি আলিয়া। সাথে সাথেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় তাঁকে। এরপর সেখান থেকে তাঁকে বাসায় পাঠিয়ে দেওয়া হয়। গুরুতর আহত না হলেও আপাতত বিশ্রামে রয়েছেন তিনি।
‘শানদার’-এর পর এখন ‘কাপুর অ্যান্ড সনস’ ছবিতে কাজ চলছে আলিয়ার। এর আগে ‘হাইওয়ে’ ছবিটি করে চলচ্চিত্র সমালোচকদের প্রশংসা পান আলিয়া। তিনি করন জহরের ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ করে নায়িকা হিসেবে প্রথম বড় পর্দায় আসেন। নতুন নায়িকাদের মধ্যে পরিচালক ও প্রযোজকদের অনেকেই এখন তাঁর উপর ভরসা রাখছেন।

সামি আল মেহেদী