‘বউ খুশি তো জীবন সুখী!’ বউয়ের মন রাখতে আর্জেন্টিনার ডেরায় ব্রাজিলের সাইফ
ফুটবল বিশ্বকাপ মানেই বাঙালির ঘরে ঘরে টানটান উত্তেজনা, আর সেই উত্তেজনার পারদ যদি এসে পৌঁছায় শোবিজের তারকাদের অন্দরমহলে, তবে তা রূপ নেয় এক মহা-রোমাঞ্চে! মাঠের লড়াই শেষ হয়ে গেলেও ব্রাজিল আর আর্জেন্টিনার সমর্থকদের মধ্যকার সেই চিরন্তন 'যুদ্ধ' যেন কখনোই থামার নয়। তবে এবার সেই চিরবৈরিতার দেয়ালে ফাটল ধরালেন খোদ এক কট্টর ব্রাজিল সমর্থক। আর তা মাঠের কোনো কৌশলে নয়, বরং দাম্পত্য জীবনের "শান্তি" রক্ষা করার এক অদ্ভুত মাস্টারস্ট্রোকে!
জনপ্রিয় অভিনেত্রী তানজিকা আমিনের ঘরে এখন বইছে সেই নীল-সাদা আর হলুদ-সবুজের ঝড়। তবে সেই ঝড়ে নিজের ‘জান’ বাঁচাতে এক চরম বুদ্ধিমানের মতো চাল চেলেছেন তানজিকার স্বামী সাইফ বাসুনিয়া। নিজে কট্টর ব্রাজিল সমর্থক হওয়া সত্ত্বেও গায়ে জড়িয়েছেন চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার জার্সি!
'বউ খুশি তো জীবন সুখী' সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে স্বামীর কিছু ছবি প্রকাশ করে তানজিকা আমিন একটি মজার স্ট্যাটাস দিয়েছেন। ছবিতে দেখা যাচ্ছে, মনে মনে ব্রাজিলের জয়গান গাইলেও গায়ে আর্জেন্টিনার জার্সি চাপিয়ে পোজ দিচ্ছেন সাইফ। স্বামীর এমন কাণ্ড দেখে তানজিকা লিখেছেন, "সংসারে শান্তি বজায় রাখার জন্য আমার স্বামীর পক্ষ থেকে এটি একটি চরম বুদ্ধিমানের মতো পদক্ষেপ! সে নিজে একজন পাক্কা ব্রাজিল সমর্থক, কিন্তু আগামী আরও বহু বছর সুস্থ-সবলভাবে বেঁচে থাকার তীব্র আকাঙ্ক্ষা থেকেই তার এই ক্ষুদ্র প্রচেষ্টা... ব্যাপারটা আমার বেশ পছন্দ হয়েছে!"
স্ট্যাটাসের শেষে স্বামীকে অভিনন্দন জানিয়ে তানজিকা আরও যোগ করেন সাইফের জীবনের চিরন্তন স্লোগান "বউ খুশি তো জীবন সুখী।" আর ক্যাপশন শেষ করেছেন আর্জেন্টিনার বিখ্যাত স্লোগান ‘ভামোস’ (VAMOS) লিখে।
নেটিজেনরা তানজিকার এই পোস্টে বেশ মজা পাচ্ছেন। অনেকেই বলছেন, ফুটবল বিশ্বকাপের ট্রফি কে জিতবে তা নিয়ে তর্ক হতেই পারে, তবে দাম্পত্য জীবনের ট্রফিটা যে সাইফ বাসুনিয়াই জিতে নিলেনতাতে কোনো সন্দেহ নেই!

বিনোদন ডেস্ক