ছেলে হলে বাবা আমাকে ক্রিকেটার বানাতেন : ঈশিকা
মডেল ও অভিনেত্রী ঈশিকা খান ক্রিকেটপ্রেমী। এটা মিডিয়াপাড়ার কারো অজানা নয়। বাংলাদেশ প্রিমিয়ার লিগের প্রায় প্রতিটি খেলাই তিনি দেখেছেন। সেটা টিভি সেটের সামনে নয়, গ্যালারিতে বসে। তবে চট্টগ্রামে অনুষ্ঠিত খেলাগুলো তিনি মাঠে গিয়ে দেখতে পারেননি। শুধু ক্রিকেট খেলা দেখার জন্যই নাকি নাটকের শুটিং থেকে এতদিন দূরে ছিলেন তিনি, এমনটিই জানালেন এই অভিনেত্রী। আজও মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে যাবেন ঈশিকা। গ্যালারিতে বসেই শেষ ম্যাচ তিনি দেখতে চান তিনি। তবে কোন দলের পক্ষ নেবেন, সেটা স্পষ্ট করে বলতে নারাজ ঈশিকা।
ঈশিকার বক্তব্য হলো, ‘আমি পুরো বাংলাদেশকে নিয়ে গর্বিত। মাশরাফি বিন মুর্তজা ও মাহমুদউল্লাহ দুজনই আমার অনেক প্রিয়। বিশেষভাবে যদি বলতে চাই, তাহলে আমার কুমিল্লা ভিক্টোরিয়ানস, রংপুর রাইডার্স, ঢাকা ডায়নামাইটস, সিলেট সুপারস্টার্সের খেলা অনেক ভালো লেগেছে।’
ক্রিকেটভক্ত হওয়ার বিশেষ কোনো কারণ আছে কি? উত্তরে ঈশিকা বলেন, ‘আসলে আমি ছেলে হলে বাবা আমাকে ক্রিকেটার বানাতেন। ঘটনাটা খুলেই বলি, আমার বাবা পেশায় আইনজীবী ছিলেন। তিনি খুব ক্রিকেটপ্রেমী ছিলেন। আমার জন্মের আগে তিনি সবাইকে বলেছিলেন আমার যদি ছেলে হয় তাহলে তাঁকে ক্রিকেটার বানাব। কিন্তু যেহেতু আমি মেয়ে হয়ে জন্মগ্রহণ করেছি, তখন বাবা আমাকে ব্যারিস্টার হতে বলেছিলেন। কিন্তু সেটাও হতে পারিনি। আমি কমার্স নিয়ে পড়াশোনা করেছি। এক বছর চার মাস হলো বাবা মারা গেছেন। বাবাকে অনেক মিস করি। আমি আগে বাবার সঙ্গেই মাঠে গিয়ে অথবা টিভিতে খেলা দেখতাম। এখন বাবার স্মৃতি আগলে রেখে নিজের পরিবার ও বন্ধু-বান্ধবদের সঙ্গে নিয়ে মাঠে খেলা দেখতে যাই।’

নাইস নূর