আজ ‘হা-শো’তে গান গাইবেন পরী
আজ রাতে এনটিভির রিয়েলিটি শো ‘হা-শো’ এর একটি বিশেষ পর্বে দেখা যাবে চিত্রনায়িকা পরী মণিকে। স্ট্যান্ডআপ কমেডি প্রতিযোগিতার এই অনুষ্ঠানে পরী মণির ঝলমলে হাসি আর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দর্শকদের বাড়তি আনন্দ দেবে বলে মনে করেন অনুষ্ঠানটির প্রযোজক হাসান ইউসুফ খান। তিনি জানান, আজ রাতের এই পর্বে নায়িকা পরী মণি গানও গাইবেন।
‘হা-শো’ উপস্থাপনা করছেন অভিনেতা সাজু খাদেম। এতে বিচারক হিসেবে রয়েছেন উপস্থাপক মাজহারুল ইসলাম, অভিনেতা ডা. এজাজুল ইসলাম ও টিভি অভিনেত্রী বাঁধন। আজকের পর্বে বিশেষ অতিথি হয়ে আসছেন নায়িকা পরী।
৪৫ মিনিটের অনুষ্ঠানটি পরিকল্পনা ও পরিচালনা করেছেন হাসান ইউসুফ খান। প্রতি শুক্র ও শনিবার রাত ৯টা ৫ মিনিটে এনটিভিতে প্রচারিত হচ্ছে হা-শো।
এ বিষয়ে নায়িকা পরী মণি বলেন, ‘আমি অনেক কৌতুক পছন্দ করি। এ অনুষ্ঠানের কথা শুনেই আমার কাছে মনে হলো কিছুটা সময় আনন্দে থাকার একটি অনুষ্ঠান। আমি সব সময় চেষ্টা করি নিজেকে হাশিখুশি রাখতে। এ ধরনের অনুষ্ঠানে আমি প্রথমবারের মতো বিচারকের আসনে বসলাম। হাসতে হাসতে আমার পেট ব্যথা হয়ে গেছে। আশা করি দর্শকরাও অনুষ্ঠানটি উপভোগ করবেন।’
হা-শোর প্রযোজক হাসান ইউসুফ খান বলেন, ‘আজকের বিশেষ পর্বে নায়িকা পরীর উপস্থিতি দর্শকদের বাড়তি আনন্দ দেবে। এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে দর্শকরা বুঝতে পারবেন পরী শুধু অভিনয়ে নয়, ভালো গানও করতে পারেন।’

মাজহার বাবু