শখ-নিশোর নাটক ‘নো’
গতকাল শনিবার বনানী ১১ নম্বর সেক্টরে প্রবেশ করতেই চোখে পড়ে অভিনয়শিল্পী শখ ও নিশো রিকশায় করে ঘুরে বেড়াচ্ছেন। শীতের বিকেলে দুজন আয়েশ করে রিকশায় ঘুরছেন বটে তবে সেটা শুধুমাত্র নাটকের শুটিংয়ের জন্য। নাটকের নাম ‘নো’। সাব্বির চৌধুরীর গল্পে ও তানিন রহমানের চিত্রনাট্যে নাটকটি পরিচালনা করছেন রূপক বিন রউফ। এর আগে শখ-নিশো জুটি বেশ কিছু নাটকে কাজ করেছেন। তবে ‘নো’ নাটকের গল্পে তাঁদের ভিন্নভাবে ক্যামেরার সামনে নিয়ে আসছেন পরিচালক রূপক। নাটকে তাঁরা দুজন অফিসের সহকর্মী থাকেন। ধীরে ধীরে তাঁদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক তৈরি হয়।
নাটকের নাম ‘নো’ কেন জানতে চাইলে পরিচালক রূপক বলেন, ‘নাটকের গল্পে নিশো থাকেন অনেক সরল। কোনো কাজে কাউকে তিনি না বলতে পারেন না। সবকিছুতেই থাকে তাঁর সম্মতি।’
তাহলে নাটকে কখনোই কি নিশো নো বলেননি? উত্তরে পরিচালক রূপক বলেন, ‘বলেছেন, তবে কেন বলেছেন এটা জানতে হলে নাটকটি প্রচার পর্যন্ত অপেক্ষা করতে হবে। এখনই কিছু বলতে চাই না।’
পরিচালকের সঙ্গে কথা শেষ। আবারও তিনি শট নিতে চলে যাবেন। ততক্ষণে বিকেল গড়িয়ে সন্ধ্যা। শট নেওয়ার জন্য প্রস্তুতি নিতে শুরু করলেন পরিচালক। শখ ও নিশো এবার একসঙ্গে নাটকের চিত্রনাট্য পড়ছেন।


নাইস নূর