ছোট পর্দা ২০১৫
বছর সেরা ১৫ নাটক!
ছোটপর্দায় বিনোদনের মূল আকর্ষণ হলো নাটক। এ বছর বিশেষ দিবসে প্রচারিত ধারাবাহিক ও একক নাটকগুলো তুলনামূলক বেশি আলোচনায় ছিল। ছোটপর্দার অভিনয়শিল্পীদের মধ্যে তাহসান-তিশা, মোশাররফ করিম-শখ, মম-অপূর্ব, সাজু খাদেম-ভাবনা, অপর্ণা-জন কবির ও সজল-মেহজাবীন জুটির নাটকগুলো তুলনামূলকভাবে বেশি দর্শকনন্দিত হয়েছিল। চলুন দেখে নেওয়া যাক এ বছরের সেরা ১৫টি নাটক।
১৫. ‘যইতরী’ (মেহের আফরোজ শাওন)
নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের গল্প অবলম্বনে এ বছর বেশ কিছু নাটক নির্মাণ করেছেন হুমায়ূন আহমেদের স্ত্রী এবং পরিচালক মেহের আফরোজ শাওন। এর মধ্যে ‘যইতরী’ নাটকটি ছিল বেশ আলোচনায়। নাটকে প্রধান চরিত্রে স্পর্শীয়া অভিনয় করে দর্শকনন্দিত হয়েছিলেন।
১৪. ‘সেই ছেলেটা’ (মিজানুর রহমান আরিয়ান)
অপূর্ব-শার্লিন জুটির নাটক ‘সেই ছেলেটা’।’ নাটকটিতে পরিচালক মিজানুর রহমান আরিয়ান অপূর্ব-শার্লিনকে ভিন্নভাবে উপস্থাপন করেছিলেন। নাটকে প্রথমবারের মতো শার্লিনকে বাইক চালাতে দেখা গিয়েছিল।
১৩. আমি আকাশ পাঠাব (শাফায়েত মনসুর রানা)
সংগীতশিল্পী জন কবির বেছে বেছে নাটকে অভিনয় করেন। এ বছর বিশেষ দিবসের নাটকগুলোতে জন কবিরকে দেখেছেন দর্শক। ভালোবাসা দিবস উপলক্ষে পরিচালক শাফায়েত মনসুর রানা নির্মাণ করেন ‘আমি আকাশ পাঠাব’ নাটকটি। এই নাটকে জন কবির ও অপর্ণাকে দর্শক ভালোভাবে গ্রহণ করেছিলেন। জুটি হিসেবেও পেয়েছিলেন তাঁরা গ্রহণযোগ্যতা।
১২. মাস্তি আনলিমিটেড (মাবরুর রশিদ বান্নাহ্)
আলোচিত মডেল নায়লা নাঈমকে দেখা গিয়েছিল এই নাটকে। মাবরুর রশিদ বান্নাহ্ পরিচালিত ‘মাস্তি আনলিমিটেড’ নাটকে অভিনেতা সালমান মুক্তাদির সঙ্গে নায়লাকে একটি আইটেম গানে নাচতে দেখেছেন দর্শক। টিভি নাটকে নায়লার প্রথম উপস্থিতি তাই আলোচনার শীর্ষে ছিল ‘মাস্তি আনলিমিটেড’ নাটকটি। নাটকটিতে আরো অভিনয় করেছিলেন শাহতাজ ও সৌমিক।
১১. তোমার আমার বিয়ে (শিহাব শাহীন)
শিহাব শাহীন পরিচালিত ‘তোমার আমার বিয়ে’ নাটকটি এ বছর আলোচনায় ছিল। নাটকের গল্প ছিল আধুনিক। নাটকে সজল-শার্লিনের অভিনয় দর্শকদের আকৃষ্ট করতে পেরেছিল।
১০. এই শহর মাধবীলতার না (সাগর জাহান)
অপি করিম এখন নাটকে কম অভিনয় করেন, এটা সবার জানা। এ বছর হাতেগোনা কয়েকটি নাটকে অভিনয় করেছেন তিনি। এর মধ্যে সাগর জাহানের পরিচালনায় ‘এই শহর মাধবীলতার না’ নাটকে অপি করিমের উপস্থিতি ছিল ভিন্ন রকম। নাটকে নামভূমিকায় দেখা যায় অপিকে। অপির বিপরীতে নাটকটিতে অভিনয় করেন আনিসুর রহমান মিলন। এ বছর সাগর জাহানের কমেডি নাটক দর্শক যেমন পছন্দ করেছেন ঠিক তেমনি তাঁর নির্মাণে সিরিয়াস গল্পের নাটকও পেয়েছে গ্রহণযোগ্যতা।
৯. কোপা শামসু (তানিম রহমান অংশু)
ভিন্ন ধরনের কমেডি গল্প নিয়ে ‘কোপা শামসু’ নাটকটি পরিচালনা করেছেন তানিম রহমান অংশু। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জাহিদ হাসান, মৌসুমি হামিদ, মিথিলা, স্বর্ণা, পিয়া জান্নাতুল প্রমুখ। নাটকে জাহিদ হাসানকে বর্ডার গার্ড চরিত্রে দেখা যায়, যা ছিল দর্শকদের জন্য বাড়তি পাওয়া। এদিকে কোনো শুটিং হাউসে নয়, খোলা আকাশের নিচে ‘কোপা শামসু’ নাটকের পুরো শুটিং শেষ করেছেন পরিচালক অংশু।
৮. চোখে রাখো চোখ (নুজহাত আলভী আহমেদ)
এ বছর সজল-মেহজাবীন জুটির একাধিক নাটক বিভিন্ন চ্যানেলে প্রচারিত হয়েছিল। তবে আলোচনার শীর্ষে ছিল নুজহাত আলভী আহমেদ পরিচালিত ‘চোখে রাখো চোখ’ নাটকটি। নাটকে বোরকা পরা মেহজাবীনকে প্রথমবারের মতো দেখেছিলেন দর্শক।
৭. ক্রাই বেবি ক্রাই (মাবরুর রশিদ বান্নাহ্)
মিথিলা ও জন কবির অভিনীত ‘ক্রাই বেবি ক্রাই’ নাটকটিও পেয়েছিল ব্যাপক জনপ্রিয়তা। নাটকের চিত্রনাট্য ও শিল্পীদের সাবলীল অভিনয়ের কারণে মূলত নাটকটি দর্শদের ভালোবাসা অর্জন করে নিয়েছিল। নাটকটি পরিচালনা করেছেন মাবরুর রশিদ বান্নাহ্।
৬. দুষ্টু ছেলের দল (রেদওয়ান রনি)
একঝাঁক শিল্পীকে নিয়ে রেদওয়ান রনি নির্মাণ করেছিলেন নাটক ‘দুষ্টু ছেলের দল’। এ নাটকে অভিনেত্রী মিথিলাকে গর্ভবতী মায়ের চরিত্রে দেখা যায়। এর আগে একটি বিজ্ঞাপনে গর্ভবতী মায়ের চরিত্রে মিথিলাকে দেখা গেলেও নাটকে প্রথমবারের মতো তিনি এ ধরনের চরিত্রে অভিনয় করেন। নাটকে মিথিলা ছাড়াও বাঁধন, মোশাররফ করিম, নাদিয়া মিম, আশা ও তৌসিফের অভিনয় দর্শকনন্দিত হয়েছিল।
৫. যমজ ৪ (আজাদ কালাম)
কয়েক বছর ধরে ঈদে প্রচারিত অনিমেষ আইচের লেখা ‘যমজ’ সিরিজের নাটকগুলো বেশ জনপ্রিয়তা পেয়েছে। এবার ঈদে প্রচারিত হয়েছে ‘যমজ ৪’। আজাদ কালামের পরিচালনায় নাটকটিতে বাবা এবং দুই যমজ ভাইয়ের তিনটি চরিত্রে অভিনয় করে ব্যাপক প্রশংসিত হন অভিনেতা মোশাররফ করিম। ছবিতে তিনি বরিশালের আঞ্চলিক ভাষায় সংলাপ দিয়েও দর্শকনন্দিত হন।
৪. নিশ্চিত প্রেমের ৭টি উপায় (শিহাব শাহীন)
রোমান্টিক নাটক নির্মাণের ক্ষেত্রে শিহাব শাহীনের আলাদা চাহিদা রয়েছে। দর্শকরা তার কাছ থেকে রোমান্টিক গল্পই বেশি প্রত্যাশা করে। শিহাব শাহীনের নাটক মানেই হিট। এমনটাই ভাবেন শিহাব শাহীনের ভক্ত ও দর্শকরা। এবার ঈদে শিহার শাহীন পরিচালিত ‘নিশ্চিত প্রেমের সাতটি উপায়’ নাটকটি বেশ আলোচনায় ছিল। নাটকে অপূর্ব-মম জুটিকে পর্দায় আকর্ষণীয়ভাবে উপস্থাপন করেছিলেন শিহাব শাহীন।
৩. অ্যাংরি বার্ড (মিজানুর রহমান আরিয়ান)
বেশ কয়েক বছর ধরে তাহসান-তিশা জুটির নাটক মানেই নিশ্চিতভাবে জনপ্রিয়। এ বছরও এর ব্যতিক্রম হয়নি। বেশ কিছু ভালো নাটক দর্শকদের উপহার দিয়েছেন জনপ্রিয় এ জুটি। তবে এ বছর তাহসান-তিশা অভিনীত ‘অ্যাংরি বার্ড’ নাটকটি আলোচনার শীর্ষে ছিল। নাটকটি পরিচালনা করেছেন মিজানুর রহমান আরিয়ান।
২. বুবুনের বাসর রাত (অনিমেষ আইচ)
ঈদ উপলক্ষে পরিচালক অনিমেষ আইচ বেশ কিছু নাটক নির্মাণ করেছিলেন। কিন্তু তাঁর পরিচালনায় ‘বুবুনের বাসর রাত’ নাটকটি বেশ আলোচনায় ছিল। নাটকটিতে অভিনয় করেছেন ভাবনা ও সাজু খাদেম। রোমান্টিক-কমেডি ধাঁচের এই নাটকটি প্রচারের পর প্রশংসিত হয়েছিল।
১. সিকান্দার বক্স এখন নিজ গ্রামে (সাগর জাহান)
বছরখানেক ধরেই সাগর জাহানের পরিচালনায় সিকান্দার বক্স সিরিজের নাটকগুলো জনপ্রিয়তা পেয়ে আসছে। এবার এ নাটকের শেষ পর্বটি প্রচারিত হয়েছিল। নাটকটি এবার প্রচার হওয়ার আগে থেকেই আলোচনার শীর্ষে ছিল। নাটকটি কেন বন্ধ করা হচ্ছে এ জন্য পরিচালক সাগর জাহানকে হত্যার হুমকিও দিয়েছিলেন কেউ কেউ। এদিকে নাটকটিতে সিকান্দার বক্সের চরিত্রে বরাবরের মতোই দুর্দান্ত অভিনয় করেছেন মোশাররফ করিম। সিকান্দার বক্সের স্ত্রীর চরিত্রে শখের অভিনয়ও দর্শকনন্দিত হয়েছিল।

নাইস নূর