মুগ্ধতার গল্প নিয়ে তিশা-নিশোর ‘নীল চোখ’!
‘রাস্তায় অভিনয়শিল্পী নিশো গান গাইছেন। তাঁর গান শুনে সবাই মুগ্ধ হয়ে টাকা দিচ্ছেন। কিন্তু একমাত্র তিশাই উপহার দিলেন ফুল’। ‘নীল চোখ’ নাটকের এমনই এক দৃশ্য ধারণ করেছিলেন পরিচালক সাগর জাহান। সম্প্রতি উত্তরার বিভিন্ন লোকেশনে নাটকটির শুটিং শেষ করেছেন তিনি। নাটকটিতে আবির চরিত্রে নিশো ও লিসান চরিত্রে অভিনয় করেছেন তিশা।
নাটকের নাম ‘নীল চোখ’ কেন জানতে চাইলে পরিচালক সাগর জাহান বলেন, “নাটকে তিশার চোখের রং থাকে নীল। তিশার নীল চোখের ওপর একটা সুন্দর কাহিনী রয়েছে নাটকে। যা নাটকের শুরুতে কেউ বুঝতে পারবে না। একদম নাটকের শেষে এসে দর্শক বুঝতে পারবেন কেন নাটকের নাম ‘নীল চোখ’ রাখা হয়েছে। আপাতত এর বেশি কিছু এখন বলতে চাই না।”

‘নীল চোখ’ নাটকে আবির (নিশো) গান গায়, তবে সেটা শখের বশে নয়। জীবিকার তাগিদে রাজধানীর বিভিন্ন স্থানে গিটার বাজিয়ে গান গায় আবির। আবিরের গান লিসান (তিশা) নামে একটি মেয়ে খুব পছন্দ করে। মেয়েটির চোখের রং থাকে নীল। প্রায় প্রতিদিন রাস্তার মোড়ে এসে দাঁড়িয়ে আবিরের গান শোনে নীল চোখের লিসান। একদিন লিসান আবিরকে বলে সে তার বন্ধু হতে চায়। আবিরও লিসানকে বন্ধু করে নেয়। এভাবেই এগোতে থাকে ‘নীল চোখ’ নাটকের গল্প।
পরিচালক সাগর জাহান এর আগে এ ধরনের নাটক নির্মাণ করেননি বলে জানান। এ বিষয়ে তিনি বলেন, “বাংলাদেশে শিক্ষিত ছেলেদেরকে রাস্তায় গিটার বাজিয়ে গান গেয়ে জীবিকা নির্বাহ করতে কখনো দেখিনি আমি। বিদেশে এরকম হতে দেখেছি। তবে এই আইডিয়া কিন্তু মন্দ নয়। বেকার থাকার চেয়ে এ ধরনের কাজ করা অনেক ভালো। শুধু বলব, ‘নীল চোখ’ নাটকে দর্শক অনেক নতুনত্ব খুঁজে পাবেন।”

নাইস নূর