ভালোবাসার গল্পে মেহজাবীন ও সজল
শেষ হলো ভালোবাসা দিবসের ‘বন্ধুত্ব ও ভালোবাসার গল্প’ নাটকের শুটিং। এতে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা সজল ও অভিনেত্রী মেহজাবীন।
নাটকের গল্পের সঙ্গে মিল রেখে লোকেশন বাছাই করা হয়েছে বলে জানালেন সজল। তিনি বলেন, ‘সুন্দর গল্প ও চমৎকার সব লোকেশনে সত্যিই খুব ভালো একটি কাজ করলাম।’
নাটকটিতে কাজ করে নাকি মেহজাবীনের নতুন অভিজ্ঞতা হয়েছে। নিজের মুখেই বললেন, ‘নাটকের শেষ দৃশ্যের শুটিং সবার আগে করেছি। এত বছর কাজ করেছি, কিন্তু এটা আমার নতুন অভিজ্ঞতা।’
নাটকটি নির্মাণে কারিগরি সহযোগিতা করেছে রেইন মাল্টিমিডিয়া। এ নাটকের জন্য মাসুদ আহমেদের গল্পকে নাট্যরূপ দিয়েছেন মঞ্জুর রহমান। নাটকটি পরিচালনা করেছেন মাসুদ আহমেদ ও লিও রহমান।
রাহিতুল ইসলাম রুয়েল প্রযোজিত নাটকটি আগামী ভালোবাসা দিবসে একটি বেসরকারি টিভি চ্যানেলে দেখানো হবে। বন্ধুত্ব ও ভালোবাসার গল্প নিয়ে নির্মিত এই নাটকে সজল ও মেহজাবীন ছাড়াও অভিনয় করেছেন ফারুক আহমেদ, সামিরা, রাহেল, ফয়সাল, মিতুসহ আরো অনেকে।

ফিচার ডেস্ক