তিশা-ইমনের আন্তরিকতায় মুগ্ধ জাকারিয়া সৌখিন
ভালোবাসা দিবস উপলক্ষে আজ রোববার এনটিভিতে রাত ৯টা ৫ মিনিটে প্রচারিত হবে নাটক ‘গল্পের রং নীল’। জাকারিয়া সৌখিনের পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন তিশা ও ইমন। নাটকটি পরিচালনা করার অভিজ্ঞতা ও অন্যান্য প্রসঙ্গ নিয়ে এনটিভি অনলাইনের সঙ্গে কথা বলেছেন জাকারিয়া সৌখিন।
‘গল্পের রং নীল’
আমরা জানি, প্রেমের রং নীল। আবার বেদনার রংও নীল। এই নাটকে প্রেম-ভালোবাসা আছে। আবার বেদনাও আছে। তাই নাটকের নাম দেওয়া হয়েছে ‘গল্পের রং নীল’।
তিশা-ইমন
তিশা-ইমনের আন্তরিকতায় মুগ্ধ আমি। আমি ভেবেছিলাম নাটকের প্রতি ইমনের হয়তো ভালোবাসা কম থাকবে। কিন্তু সে ধারণা ভুল প্রমাণিত হয়েছে। নাটকের প্রতি ইমনের ভালোবাসা শতভাগ ছিল। তিশাকে নিয়ে নতুন করে কিছু বলার নেই। অসাধারণ একজন অভিনেত্রী। নাটকটি ভালোভাবে নির্মাণ করতে তিশা-ইমন দুজনই আমাকে সহযোগিতা করেছেন।

নাটকটির বিশেষত্ব
দর্শকের পছন্দ বোঝা খুব কঠিন। হয়তো আমি কম বুঝি। কেউ কমেডি নাটক পছন্দ করে আবার কেউ রোমান্টিক। ‘গল্পের রং নীল’ নাটকটি রোমান্টিক। নাটকের কিছু দৃশ্য অনেক স্পর্শকাতর। আমার মনে হয়, এ জন্যই দর্শক নাটকটি দেখবে।
শখের পরিচালক
এটা সবাই জানে, আমি লিখি কম কিন্তু স্বপ্ন দেখি বেশি। কী বিষয়ে গল্প অথবা নাটক লিখব,এটা ভাবতেই আমার সময় চলে যায়। আর নাট্য পরিচালনা আমি শখের বশেই করি। নিজে যা চিন্তা করে লিখি সেটা অনেক সময় ক্যামেরার সামনে আনা কঠিন হয়। তবু চেষ্টা চালিয়ে যাচ্ছি।

নাইস নূর