ফারিয়া খুব মিষ্টি মেয়ে : ওম
চিত্রনায়িকা নুসরাত ফারিয়া ও কলকাতার নায়ক ওমের প্রথম ছবি ‘হিরো ৪২০’। প্রথম ছবিতেই বাজিমাত করেছেন তাঁরা দুজন। গত ১৯ ফেব্রুয়ারি ছবি মুক্তির পর থেকেই এখনো হলগুলোতে দর্শকে ভরপুর। এই খুশিতে ওম-ফারিয়াও রয়েছেন ফুরফুর মেজাজে। ছবির শুটিংয়েও নাকি তাঁরা ছিলেন ঠিক এ রকমই। ওম ও ফারিয়া পরস্পরের ভালো বন্ধু। তাই ভালো বন্ধুই তো পারে বন্ধুর কিছু গোপন কথা জানাতে। এনটিভি অনলাইনের সঙ্গে এক আলাপে ওম ও ফারিয়া জানিয়েছেন একে অপরের অজানা কথা।
ওম সম্পর্কে ফারিয়া বলেছেন, ‘ওম অনেক ভাত খেতে পছন্দ করে। সহজ করে বলি, মানে একসঙ্গে ওম দশ জনের ভাত একাই খেয়ে নিতে পারবে। ওমের একটা মজার ব্যাপার আছে,ওম কিন্তু চোখ খুলে ঘুমাতে পারে। শুটিংয়ের সময় প্রায় দেখতাম ও চোখ খুলেই ঘুমিয়ে পড়েছে। আমি যখন ডাকতাম তখন ও উঠে যেত। আর একটা কথা জানাই, ওম অনেক ভালো জোকস বলতে পারে। আমার মন খারাপ হলেই ওম আমাকে অনেক মজার মজার জোকস শোনাত। ওর জোকস শুনে কী কারণে মন খারাপ করেছি সেটা একদম ভুলে যেতাম আমি।’

এদিকে ওম, ফারিয়া সম্পর্কে বলেছেন, ফারিয়া খুব মিষ্টি একটা মেয়ে। তবে ও খুব চট করে রেগে যায়। আবার রাগটা ওর মধ্যে বেশিক্ষণ থাকেও না। আর সাধারণ জিনিস নিয়ে ফারিয়া খুব চিন্তা করে। হয়তো সেটার প্রয়োজন নেই। ফারিয়ার ভক্তরা হয়তো শুনলে খুশি হবেন যে, ফারিয়া কিন্তু অসম্ভব ভালো গান গাইতে পারে। শুটিং চলাকালীন ও আমাকে পুরোনো দিনের বাংলা ও হিন্দি গান বেশি শুনিয়েছে। আমি ওর গানের কণ্ঠের ভক্ত হয়ে গেছি। আর আমরা দুজন মিলে একটা গান খুব গেয়েছি তা হলো, ‘ চুরা লিয়া হ্যায় তুমনে....।’
এ তো গেল বাস্তবে ওম-ফারিয়ার কিছু অজানা কথা। ‘হিরো ৪২০’ ছবিতে ওম-ফারিয়া কৃষ ও রাই চরিত্রে গোপনে কী করেছেন, তা জানতে হলে ছবিটি হলে গিয়ে দেখার কথা বলেছেন ওম-ফারিয়া।

নাইস নূর