আনন্দবাজার পত্রিকার ওপর খেপেছেন ভাবনা
আজ বুধবার ভারতের আনন্দবাজার পত্রিকায় ‘বেলাশেষে’ চলচ্চিত্রের বিশেষ প্রদর্শনী নিয়ে প্রকাশিত একটি প্রতিবেদন দেখে বেশ চটেছেন অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। ‘বেলাশেষে’র ওপার’ শিরোনামের ওই প্রতিবেদনে ভাবনার একটি মন্তব্য যোগ করা হয়েছে। অথচ এই মন্তব্য না কি ভাবনা করেনইনি, এমনকি তাঁর সম্পর্কে ভুল তথ্য রয়েছে বলেও দাবি করেন তিনি।
প্রতিবেদনে লেখা হয়েছে , “বিখ্যাত অভিনেত্রী আসনা হবিব ভাবনা বললেন, ‘বেলাশেষে’ দেখার পর আমার সঙ্গে আমার স্বামীর সম্পর্ক বদলে গেছে। ওই ৫০ বছরের বিবাহবার্ষিকীর কথা ভেবে আমিও সহ্য করতে শিখেছি। ঝগড়া আর করি না। ভালোবাসতে জেনেছি।”
বাংলাদেশের অভিনয়শিল্পী ভাবনার এখনো বিয়েই হয়নি। এমনকি তিনি এ ধরনের কোনো কথা আনন্দবাজার পত্রিকার কোনো সাংবাদিককেও বলেননি। এনটিভি অনলাইনকে এমনটিই জানিয়েছেন ভাবনা।
ভাবনা আনন্দবাজার পত্রিকার প্রতি ক্ষোভ নিয়ে বলেন, ‘আমার নামের বানানটাও তাঁরা ঠিকমতো জানেন না। কারণ তাঁরা লিখেছেন আসনা হবিব। আমার সঙ্গে কথা না বলে এ রকম মিথ্যাচার করা আনন্দবাজারের কি ঠিক হলো? এ ব্যাপারে আমি খুব ক্ষিপ্ত ও হতাশ। যত দ্রুত সম্ভব খবরটি সংশোধন করা হলে ভালো লাগবে আমার।’
আগামী ২৬ ফেব্রুয়ারি ঢাকার কয়েকটি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে কলকাতার চলচ্চিত্র ‘বেলাশেষে’। বাংলাদেশে ছবি মুক্তির আগে এর প্রিমিয়ার শো বসুন্ধরা স্টার সিনেপ্লেক্সে হয়েছে গত ১৮ ফেব্রুয়ারি। ওই ছবির প্রিমিয়ারে বাংলাদেশের অভিনয়শিল্পী আশনা হাবিব ভাবনা, জয়া আহসান, শমী কায়সার, নওশীন ও জাকিয়া বারী মমসহ অনেকে উপস্থিত ছিলেন।

নাইস নূর