আসছে তারকাবহুল নাটক ‘শ্রাবণ জ্যোৎস্নায়’
দীর্ঘ দুই বছর বিরতি দিয়ে নতুন ধারাবাহিক নাটকের কাজ শুরু করেছেন দেশের জনপ্রিয় নাট্য পরিচালক চয়নিকা চৌধুরী। নাটকের নাম ‘শ্রাবণ জ্যোৎস্নায়’ । নাটকটি লিখেছেন জনপ্রিয় কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন। নাটকটি প্রযোজনার পাশাপাশি অভিনয় করছেন মাহফুজ আহমেদ। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় পূর্বাচল পাড়ায় মাহফুজ আহমেদের ‘বাণীচিত্র’ শুটিং হাউসে নাটকটির শুটিং গত মাসের শেষের দিক থেকে শুরু করেছেন পরিচালক চয়নিকা চৌধুরী। টানা শুটিং চলবে আরো কিছুদিন।
এদিকে নাটকটিতে মাহফুজ আহমেদ ছাড়াও আরো অভিনয় করছেন আহমেদ রুবেল, ফারজানা চুমকি, নাজিরা আহমেদ মৌ, নাঈম, শবনম ফারিয়া, তুষার খান, শিশু শিল্পী শ্রেষ্ঠা ও সূচনা।

এই নাটকের মধ্য দিয়ে দীর্ঘ তিন বছর বিরতি শেষে আবারও অভিনয় শুরু করেছেন অভিনেত্রী ফারজানা চুমকি। নাটকটিতে আহমেদ রুবেলের স্ত্রীর চরিত্রে অভিনয় করছেন তিনি। শুটিং বিরতির পর নাটকটি নিয়ে বেশ উচ্ছ্বসিত তিনি।
একক নাটক নিয়মিত করলেও ধারাবাহিকে অনিয়মিত হওয়ার কারণ জানতে চাইলে এনটিভি অনলাইনকে চয়নিকা চৌধুরী বলেন, “ভালো চিত্রনাট্যের অভাবে নতুন ধারাবাহিক নাটক বানাতে পারিনি। এখন তো একক নাটকের জন্যও ভালো মানের চিত্রনাট্য খুঁজে পাওয়া মুশকিল। ‘শ্রাবণ জ্যোৎস্নায় এসো’ ইমদাদুল হক মিলন ভাইয়ের লেখা অসাধারণ একটি উপন্যাস। সেখান থেকে তিনি নিজেই এর নাট্যরূপ দিয়েছেন। কাজটা করে ভালো লাগছে।”
নাটকটি খুব শিগগিরই একটি বেসরকারি চ্যানেলে প্রচারিত হবে বলে জানান নাটকের প্রযোজক ও অভিনেতা মাহফুজ আহমেদ।


নাইস নূর