‘আইসক্রিম’ নিয়ে ভয় পাচ্ছেন রেদওয়ান রনি?
রেদওয়ান রনি পরিচালিত দ্বিতীয় চলচ্চিত্র ‘আইসক্রিম’-এর টিজার ছাড়া হয়েছে। রনির প্রথম ছবি ছিল ‘চোরাবালি’, সেই ছবির মাধ্যমে তিনি পেয়েছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। তাই রনির দ্বিতীয় ছবি নিয়ে দর্শকের প্রত্যাশাও বেড়েছে অনেক। এই ছবিতে নবাগত তিন শিল্পীকে নিয়ে কাজ করেছেন রনি। নবাগত শিল্পীরা হলেন নাজিফা তুষি, রাজ ও উদয়। তাঁদের দর্শক কীভাবে গ্রহণ করবে সেটা নিয়ে বেশ চিন্তার মধ্যেই আছেন রনি।
তবে চিন্তাকে খুব একটা পাত্তা না দিয়ে রনি আশা করছেন দর্শক ভালোভাবেই গ্রহণ করবে ছবিটিকে। প্রথম টিজার ছাড়ার পর রনি এনটিভি অনলাইনকে বলেন, ‘ভালো সাড়া পাচ্ছি। এই ছবিটি আমি আমার আবেগ ও ভালোবাসা দিয়ে তৈরি করেছি। তাই একটু ভয়ও কাজ করছে। কারণ দর্শক আমার আবেগ বুঝবে তো? আমি আমার সেরা কাজ দেওয়ার চেষ্টা করেছি। এখন শুধু অপেক্ষা করতে হবে।’
গতকাল রোববার সন্ধ্যা ৭টার দিকে ইউটিউবে আইসক্রিমের ছবির প্রথম টিজার প্রকাশ করেন রেদওয়ান রনি। টিজারটির দৈর্ঘ্য ১ মিনিটি ৪৪ সেকেন্ডের। টিজারে একটি গানের কিছু দৃশ্য দেখানো হয়েছে। রাজীব আশরাফের লেখা গানটিতে কণ্ঠ দিয়েছেন অর্ণব। গানটির সুর ও সংগীতায়োজন করেছেন আরাফাত মহসিন।
আগামী ২৯ এপ্রিল ‘আইসক্রিম’ ছবিটি মুক্তি পাবে বলে জানান রেদওয়ান রনি।

নাইস নূর