স্বাধীনতা দিবসের নাটক ‘ক্যাকটাস’
স্বাধীনতা দিবসকে ঘিরে পরিচালক তুহিন অবন্ত নির্মাণ করেছেন নাটক ‘ক্যাকটাস’। রিয়াজ মাহমুদ জুয়েলের গল্প অবলম্বনে নাটকটি ২০১১ সালে ২৬ মার্চ এনটিভিতে প্রচারিত হয়েছিল। নাটকটি আজ রাত ১১টা ৪৫ মিনিটে এনটিভিতে পুনঃপ্রচার করা হবে। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আলী যাকের, ড. ইনামুল হক, ঈশিতা, হিল্লোল, কাজী রেজা প্রমুখ।
নাটকে সাংবাদিক চরিত্রে দেখা যাবে অভিনেতা আলী যাকেরকে। তাঁর চরিত্রের নাম রহমান।
নাটকের গল্পে দেখা যাবে, সে সময় অনেকেই চাকরি ছেড়ে সম্মুখ যুদ্ধে অংশ নিতে চলে যায়। স্ত্রী আর ছোট্ট সন্তানের কথা ভেবে মধ্যবিত্ত রহমান সাহেব চাকরিতে ইস্তফা দিতে সাহস পায় না। অফিসের কলিগদের মধ্যে কেউ কেউ যোগ দেয় আল বদর বাহিনীতে। এমনই একজন কলিগ মোজাম্মেল একদিন রহমানের ডেস্কে আসে একটি নামের তালিকা নিয়ে। যেখানে লেখা ছিল শহরের কয়েকজন বুদ্ধিজীবীর নাম। মোজাম্মেল, রহমান সাহেবের কাছে জানতে চায় তাদের বাসার ঠিকানা। হঠাৎ কি মনে করে রহমান সাহেব একজন বুদ্ধিজীবীর ঠিকানা বলে দেয়। তারপর সেই বুদ্ধিজীবীকে খুন করা হয়। এভাবে এগিয়ে যেতে থাকে নাটকের গল্প।
নাটকের গল্পকার রিয়াজ মাহমুদ জুয়েল এনটিভি অনলাইনকে বলেন, ‘ক্যাকটাস নামটি এখানে প্রতীকী হিসেবে ব্যবহার করা হয়েছে। নাটকটি দেখলেই সবার কাছে সেটা স্পষ্ট হবে। মুক্তিযুদ্ধের সময় একজন সাংবাদিকের তথ্যে একজন বুদ্ধিজীবী খুন হয়, এটা সত্যি কষ্টদায়ক। তবে নাটকের শেষে দেখা যাবে সেই সাংবাদিক তাঁর দোষ সবার কাছে স্বীকার করে নেয়। যা হোক, নাটকটির নির্মাণ শৈলী চমৎকার হয়েছে। আমার বিশ্বাস, আজ যাঁরা নাটকটি আবারো দেখবেন তাঁদের ভালো লাগবে।’

নাইস নূর