অভিনেতা রাজীবের পাশেই পরিচালক খোকনের কবর
চলচ্চিত্র অভিনেতা রাজীবের (ওয়াসিমুল বারী রাজীব) কবরের পাশেই দাফন সম্পন্ন হয়েছে প্রয়াত পরিচালক শহীদুল ইসলাম খোকনের। আজ সোমবার সকালে তিনি মৃত্যুবরণ করেন। উত্তরায় জানাজা শেষে বিএফডিসিতে বাদ আসর খোকনের শেষ জানাজা হয়। এরপর খোকনের লাশ উত্তরার ৪ নম্বর সেক্টরে সিটি করপোরেশনের কবরস্থানে নেওয়া হয়। বাদ মাগরিব তাঁর দাফন সম্পন্ন হয়।
মৃত্যুকালে স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে রেখে গেছেন খোকন। ছেলে হৃদয় ইসলাম এনটিভি অনলাইনকে বলেন, ‘আমার বাবাকে নিয়ে সবাই খুব ভালো কথা বলছেন, এ জন্য ছেলে হিসেবে আমি গর্বিত। সবাই বলছেন তিনি অনেক টাকা খরচ করতেন বা চলচ্চিত্রের লোকজন কোনো সমস্যায় পড়লে তাঁকে সর্বোচ্চ সহযোগিতা করতেন। একই রকমভাবে তিনি পরিবারের প্রতিও অনেক যত্নশীল ছিলেন। আমি ছোটবেলা থেকেই বাবার অনেক আদর পেয়েছি। প্রত্যেকটা বিষয়ে বাবার সহযোগিতা পেয়েছি। আমার কাছে মনে হয় ওনার চেয়ে ভালো বাবা আর হয় না। আমাদের পড়াশোনার বিষয়ে তিনি অনেক সিরিয়াস ছিলেন। আপনারা দোয়া করবেন তিনি যেন শান্তিতে থাকেন।’
দাফন নিয়ে হৃদয় বলেন, ‘আমরা বড় হয়েছি এই ৪ নম্বর সেক্টরে। এখানে স্থানীয় মানুষের সঙ্গে বাবার অনেক ভালো সম্পর্ক ছিল। তা ছাড়া এখানে বাবার দাফন হয়েছে অভিনেতা রাজীবের পাশে। আমরাও ভেবে দেখলাম যে যেহেতু আমাদের গ্রামের বাড়িতে যাওয়া হয় অনেক কম। আবার এখানে চলচ্চিত্রের গুণী মানুষের কবর আছে, তাই এখানেই দাফন করেছি।’
দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন শহীদুল ইসলাম খোকন। তাঁকে কৃত্রিম উপায়ে শ্বাস-প্রশ্বাস দিয়ে তাঁকে বাঁচিয়ে রাখা হয়েছিল। ২০১৪ সালে মুখগহ্বরের মোটর নিউরন (এএলএস) আক্রান্ত হয়েছিলেন। উন্নত চিকিৎসার জন্য তাঁকে যুক্তরাষ্ট্রে নেওয়া হয়েছিল। চিকিৎসা না হওয়ায় পরে দেশে ফিরে ভর্তি হন উত্তরার একটি হাসপাতালে। চিকিৎসাধীন অবস্থাতেই আজ সোমবার সকাল সাড়ে ৮টার দিকে মারা যান তিনি।

মাজহার বাবু