ঈদের বিশেষ নাটকে পূর্ণিমা
ঈদের জন্য নির্মিত বিশেষ নাটকে অভিনয় করছেন নায়িকা পূর্ণিমা। সিলেটের মৌলভীবাজারে নাটকের শুটিংয়ে অংশ নিয়েছেন তিনি।
আজ শনিবার থেকে নাটকটির শুটিং শুরু হয়েছে। চলবে সপ্তাহজুড়েই। নাটকটি পরিচালনা করছেন জনপ্রিয় নাট্য নির্মাতা মাসুদ সেজান। পূর্ণিমার সঙ্গে এ নাটকে আরো অভিনয় করছেন অভিনেতা মাহফুজ আহমেদ ও শাহরিয়ার নাজিম জয়।
এ বিষয়ে নাট্য নির্মাতা মাসুদ সেজান এনটিভি অনলাইনকে বলেন, “ঈদের জন্য একটি সাত পর্বের নাটক নির্মাণ করছি। নাটকের নাম ‘লাভ এন্ড কোং’। আমি সব সময়ই দর্শকদের সামনে নতুন চমক নিয়ে আসতে পছন্দ করি। আর ঈদের বেলায় দর্শকরাও বাড়তি কিছু আশা করেন। আমি যেহেতু দর্শক চাহিদার কথা মাথায় রেখে নাটক নির্মাণ করি, তাই একটু আলাদাভাবে কাজ করার চেষ্টা করি। এই নাটকে হাস্যরসের পাশাপাশি কিছু বক্তব্যও রয়েছে।”
নায়িকা পূর্ণিমার বিষয়ে মাসুদ সেজান বলেন, ‘আমি যখন নাটকের গল্পটা তৈরি করছিলাম তখন থেকেই ভালো একজন শিল্পী দিয়ে কাজটি করানোর চিন্তা করছিলাম। গল্পটা তৈরি হওয়ার পর পূর্ণিমা ছাড়া চিন্তা করতে পারছিলাম না। গল্প শুনেই তিনি অভিনয় করতে রাজি হয়ে গেলেন।’
নাটকের গল্প নিয়ে মাসুদ সেজান বলেন, “জুঁই ও রন্টুর নতুন প্রেম। দুজন দুজনকে নানা পরীক্ষা-নিরীক্ষার মধ্যে রেখেছে। আদৌ তারা সম্পর্কটা চালিয়ে নেবে কি না, সেটা একটু যাচাই-বাছাই করে নিতে চায়। চলার পথে আগামীর ভাবনায় দুজনের মাথা থেকেই একটা ট্যুরের আইডিয়া আসে। তারা এই ট্যুরের নাম দেয় ‘লাভ সেলিব্রেশন’। সিলেটের নির্জন এক চা বাগান ঘেরা রিসোর্টে তাদের প্রথম সকালটা খুব ভালোভাবেই শুরু হয়েছিল কিন্তু হঠাৎ করেই একটা ঘটনা তাদের সবকিছু ওলট-পালট করে দেয়।”
আসছে ঈদুল ফিতরে কোনো একটি বেসরকারি চ্যানেলে নাটকটি প্রচারিত হবে বলে জানিয়েছেন পরিচালক। এ নাটকে আরো অভিনয় করেছেন ডা. এজাজ, শামীমা নাজনীন, মিশু সাব্বির ও সাবিলা নূর।

মাজহার বাবু