কক্সবাজারে চলছে তিন নাটকের শুটিং
ঈদের জন্য তিনটি বিশেষ নাটকের শুটিং চলছে কক্সবাজারে। শফিকুর রহমান শান্তনুর রচনা ও সৈয়দ শাকিলের পরিচালনায় নাটক তিনটি হচ্ছে ‘হলুদ বসন্ত’, ‘নীল দুপুর’ ও ‘আবর্ত’।
১৭ এপ্রিল থেকে টানা শুটিং শুরু হয়। আজ ২২ এপ্রিল শুটিং শেষ হওয়ার কথা রয়েছে। নাটকগুলোতে অভিনয় করেছেন অপূর্ব, মম ও মৌরী সেলিম। ‘হলুদ বসন্ত’ ও ‘নীল দুপুর’ নাটক দুটি প্রযোজনা করেছেন জান্নাতুল টুম্পা।
সমসাময়িক প্রেক্ষাপটে রচিত নাটকগুলো সম্পর্কে নাট্যকার শফিকুর রহমান শান্তনু বলেন, ‘এই নাটকগুলোতে কক্সবাজার এসেছে গল্পের প্রয়োজনে। তাই আরোপিত মনে হবে না। একই সঙ্গে প্রেম, ঘৃণা, সম্পর্কের টানাপড়েন ও সময়কে তুলে ধরার চেষ্টা করেছি।’
হলুদ বসন্ত
একটি দাম্পত্য সম্পর্কের গল্প। মাত্র দুজন মানুষকে ঘিরে যে টানাপড়েনের সংসার গড়ে ওঠে, তার পেছনে কত ভালোবাসা, কত আস্থা, কতটা বিশ্বাস কাজ করে তা যেমন একদিকে সত্য, অন্যদিকে কত অনৈতিকতা, গোপনীয়তা, লোভ থাকতে পারে তা-ও আরেক সত্য।
.jpg)
গল্পের শুরু থেকে শেষ দৃশ্য পর্যন্ত এই সত্য উন্মোচন করে দাম্পত্য সম্পর্কের একটি নতুন মাত্রা আবিষ্কারের চেষ্টা করা হয়েছে। গল্পের শুরুতে দেখা যায়, বীথি ও শফিক বিয়ের পাঁচ বছর পর কক্সবাজার এসেছে। পাঁচ বছর আগের এক অবিশ্বাস্য গোপন সত্য জানার পর বীথি জানে না, সে কী করবে।
আবর্ত
সৌমিক ও সিমি নবদম্পতি। বিয়ের পর হানিমুনে আসে কক্সবাজার। হানিমুন করতে এসে এই আপাত সুখী দম্পতির জীবনে ঘটে এমন এক ঘটনা, যা তাদের মুখোমুখি দাঁড় করিয়ে দেয় নতুন সত্যের, নতুন উপলব্ধির। ঘটনার শুরু এক সন্ধ্যায়। সৌমিক-সিমি হোটেলের বাগানে বসে গল্প করছিল।
হঠাৎ কোথা থেকে যেন ভেসে আসে গিটারের মোহময়ী সুর। একই সঙ্গে মুগ্ধ ও অবাক হয় দুজনে। সিমির অনুরোধে সৌমিক খুঁজতে বের হয় গিটারবাদককে। কিন্তু কোথাও তাকে খুঁজে পায় না।
লিলিয়ান আলম। এই হোটেলের তরুণী, সুন্দরী মালিক। রোজ সন্ধ্যায় গিটার বাজানো তার নেশা। পরিচয় শেষে লিলিয়ানকে সৌমিক নিয়ে যায় সিমির কাছে। সিমি ও লিলিয়ান পরস্পরকে দেখে অবাক।
নীল দুপুর
নীলা ও দোলা দুই বোন। কক্সবাজার বেড়াতে এসে পরিচয় হয় লম্পট এক যুবকের সঙ্গে। তার পর এই তিনজনের এক অ্যাডভেঞ্চার যাত্রা। ভালোবাসার স্পর্শ একজন মানুষকে কীভাবে শুদ্ধ করে তোলে, তার জলজ্যান্ত প্রমাণ হয়ে ওঠে ‘নীল দুপুর’।

ফিচার ডেস্ক