গ্রিসে বিয়ে করবেন অনিরুদ্ধ, পাত্রী কে?
দক্ষিণ ভারতের জনপ্রিয় সঙ্গীত পরিচালক ও গায়ক অনিরুদ্ধ রবিচন্দ্র এবং আইপিএলের দল সানরাইজার্স হায়দরাবাদের প্রধান নির্বাহী কর্মকর্তা কাব্য মারানের সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরেই গুঞ্জন চলছে। এবার সেই গুঞ্জনে যোগ হয়েছে নতুন খবর। ভারতীয় গণমাধ্যমের একাধিক প্রতিবেদনে দাবি করা হয়েছে, আগামী নভেম্বরে বিয়ের পিঁড়িতে বসতে পারেন অনিরুদ্ধ ও কাব্য।
প্রতিবেদনগুলো বলছে, আগামী ১০ নভেম্বর গ্রিসে বিয়ের আয়োজন হতে পারে এই তারকা জুটির। তবে গ্রিসের ঠিক কোন স্থানে বিয়ে অনুষ্ঠিত হবে, সে বিষয়ে এখনো কোনো তথ্য প্রকাশ্যে আসেনি।
এদিকে বিয়ের তারিখ কিংবা স্থান নিয়ে অনিরুদ্ধ ও কাব্যের কেউই আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি। ফলে ১০ নভেম্বর বিয়ের খবরটি আপাতত গণমাধ্যমের প্রতিবেদন ও সূত্রনির্ভর তথ্য হিসেবেই বিবেচিত হচ্ছে।
অনিরুদ্ধ ও কাব্য নিজেদের সম্পর্ক নিয়েও কখনো প্রকাশ্যে বিস্তারিত কথা বলেননি। তবে গত জুনে অনিরুদ্ধের আত্মীয় ও বর্ষীয়ান অভিনেতা ওয়াইজি মহেন্দ্রের একটি মন্তব্যের পর তাদের বিয়ের গুঞ্জন আরও জোরালো হয়।
এক সাক্ষাৎকারে মহেন্দ্র অনিরুদ্ধকে অভিনন্দন জানিয়ে বলেছিলেন, ‘ও খুবই শান্ত স্বভাবের ছেলে। এই সুযোগে ওকে অভিনন্দন জানাতে চাই। বেশ বড়সড় একটা বিয়ের অনুষ্ঠানে পা রাখতে চলেছে।’
তিনি আরও দাবি করেন, অনিরুদ্ধের পরিবারের কাছ থেকেই বিয়ের বিষয়টি নিশ্চিতভাবে জেনেছেন। তার ভাষায়, ‘আমাকে যা জানানো হয়েছে, তাতে এটা নিশ্চিত। ওরা বিয়ে করছে।’
একই সাক্ষাৎকারে কাব্যের প্রশংসাও করেন মহেন্দ্র। তিনি বলেন, ‘ও কোনো সাধারণ মেয়ে নয়। এত বড় একটি দল সামলানোর ক্ষমতা ওর রয়েছে। বাবার ব্যবসায়িক দক্ষতা ওর মধ্যে রয়েছে।’
অনিরুদ্ধ-কাব্য জুটিকে নিয়েও উচ্ছ্বাস প্রকাশ করে তিনি বলেন, ‘ওরা জুটি হিসাবেও দারুণ। দু’জনে একসঙ্গে থাকুক। সঙ্গীতের দুনিয়ায় আরও কিছু করুক, এই আশীর্বাদ করি।’
তবে অনিরুদ্ধ ও কাব্যের বিয়ের গুঞ্জন নতুন নয়। ২০২৫ সালের জুনেও সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি উঠেছিল, এক বছরেরও বেশি সময় ধরে সম্পর্কে রয়েছেন তারা। এমনকি তখন গুঞ্জন ছড়িয়েছিল, অনিরুদ্ধের আত্মীয় ও দক্ষিণী তারকা রজনীকান্ত নাকি কাব্যের বাবা কলানিথি মারানের সঙ্গে দেখা করে তাদের বিয়ে নিয়ে আলোচনা করেছেন।
সেই সময় অবশ্য বিয়ের গুঞ্জন সরাসরি উড়িয়ে দিয়েছিলেন অনিরুদ্ধ। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লিখেছিলেন, ‘বিয়ে? শান্ত হও বন্ধুরা। গুজব ছড়ানো বন্ধ করো।’
তবে সে সময় বিয়ের খবর অস্বীকার করলেও কাব্যের সঙ্গে সম্পর্কের গুঞ্জন সরাসরি নাকচ করেননি তিনি। এবারও সম্ভাব্য বিয়ের তারিখ নিয়ে নতুন করে আলোচনা শুরু হলেও এখন পর্যন্ত অনিরুদ্ধ বা কাব্য—কেউই এ বিষয়ে আনুষ্ঠানিক মন্তব্য করেননি।

বিনোদন ডেস্ক