নাবিলার শৈশব কাটে সৌদি আরবে
দেশের জনপ্রিয় মডেল, উপস্থাপক ও অভিনয়শিল্পী নাবিলা জন্মগ্রহণ করেছেন সৌদি আরবের জেদ্দা শহরে। সেখানে তিনি ১৫ বছর বয়স পর্যন্ত ছিলেন। সেই দিনগুলো তাঁর অনেক সুন্দর ছিল। ছোটবেলায় খুব শান্ত স্বভাবের ছিলেন বলে জানান নাবিলা ।
নাবিলা বলেন, ‘সৌদি আরবের জেদ্দা শহরে আমার শৈশব কেটেছে। ১৫ বছর বয়স পর্যন্ত মা-বাবার সঙ্গে আমি সেখানে ছিলাম। মূলত বাবার চাকরির সুবাদে জেদ্দায় আমাদের থাকা হয়েছিল।’
জেদ্দা শহরের বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে পড়াশোনা করেছিলেন নাবিলা। স্কুলের স্মৃতিচারণা করে তিনি বলেন, ‘স্কুলে পড়ার সময়টা ছিল আমার জীবনের মূল্যবান সময়। স্কুলের সবার সঙ্গে আমার আত্মিক যোগাযোগ তৈরি হয়েছিল। স্কুলের শেষ দিনটার কথা আমার এখনো মনে পড়ে। সবাই আমাকে বিদায় জানানোর সময় অনেক কান্নাকাটি করেছিল। আমিও কেঁদেছিলাম অনেক। আমার জীবনে এটা মনে হয় ছিল প্রথম কষ্টের দিন।’

জেদ্দা স্কুলের কারো সঙ্গে এখনো যোগাযোগ আছে কি না জানতে চাইলে নাবিলা বলেন, ‘আসলে সবাই আলাদা আলাদা দেশে চলে গেছে। ফেসবুকের মাধ্যমে কারো কারো সঙ্গে আমার যোগাযোগ রয়েছে। এশা নামে আমার এক বন্ধু আছে যাঁর সঙ্গে আমার প্রথম বন্ধুত্ব হয়েছিল জেদ্দা শহরে। এশার সঙ্গে আমার ভালো যোগাযোগ আছে। এশা এখন বাংলাদেশে আছে।’

নাইস নূর