ঈদের নাটকে রিয়াজ-মৌ
আসন্ন ঈদ উপলক্ষে নাটকের শুটিং নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন অভিনয়শিল্পীরা। চিত্রনায়ক রিয়াজ ও মডেল-নৃত্যশিল্পী-অভিনেত্রী মৌকে একসঙ্গে এবারের ঈদে বেশ কিছু নাটকে দেখা যাবে। আজ শনিবার রাজধানীর উত্তরার একটি শুটিং হাউসে মৌ-রিয়াজ নাটকের শুটিংয়ে অংশ নেন। নাটকের নাম ‘মন খারাপের দৃশ্যাবলি’। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন কৌশিক শংকর দাশ।
নাটকটের গল্প নিয়ে এনটিভি অনলাইনকে পরিচালক কৌশিক শংকর দাশ বলেন, ‘আমি সব সময় চেষ্টা করি নাটকের গল্পের সঙ্গে মানিয়ে শিল্পী নির্বাচন করার। এবারও এর ব্যতিক্রম হয়নি। মন খারাপের দৃশ্যাবলি নাটকে রিয়াজ ও মৌ খুব মানানসই। তাই তাঁদের কাস্ট করেছি। আশা করছি, ঈদে দর্শকরা নাটকটি উপভোগ করবেন।’
‘মন খারাপের দৃশ্যাবলি’ নাটকের গল্পে দেখা যাবে, ‘রিয়াজের স্ত্রী নিসা উচ্চতর পড়াশোনা করার জন্য দেশের বাইরে যান। এর মধ্যে রিয়াজের সঙ্গে মৌয়ের পরিচয় হয়। রিয়াজ ধীরে ধীরে মৌয়ের প্রেমে পড়েন। কিন্তু মৌ বুঝতে পারেন রিয়াজ ঠিক রাস্তায় হাঁটছেন না। এরপর ঘটনা মোড় নেয় অন্যদিকে। এভাবে এগিয়ে যেতে থাকে নাটকের গল্প।’
আসছে ঈদে নাটকটি আরটিভিতে প্রচার হবে বলে জানান পরিচালক কৌশিক শংকর দাশ।

নাইস নূর