‘মেসি থাকতে থাকতেই আরেকটা বিশ্বকাপ নিতে হবে’
বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসর ফিফা বিশ্বকাপ ২০২৬ ঘিরে উত্তেজনা ক্রমেই বাড়ছে। মাঠের লড়াই শুরু হতে এখনও কিছুটা সময় বাকি থাকলেও ফুটবলপ্রেমীদের আলোচনার কেন্দ্রবিন্দুতে ইতোমধ্যেই জায়গা করে নিয়েছে প্রিয় দল ও তারকারা। এই উন্মাদনা থেকে পিছিয়ে নেই দেশের শোবিজ অঙ্গনের তারকারাও।
ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ইরফান সাজ্জাদ বরাবরই ফুটবলপ্রেমী হিসেবে পরিচিত। বিশেষ করে আর্জেন্টিনা ও লিওনেল মেসির প্রতি তার সমর্থনের কথা ভক্তদের অজানা নয়। এবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে আর্জেন্টিনা দল, অধিনায়ক মেসি এবং দলের ভবিষ্যৎ নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করেছেন তিনি।
ইরফান সাজ্জাদ ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘মেসি নামলো, চান্স ক্রিয়েট করলো, পেনাল্টি! মেসির গোল! এরপর মেসির চান্স ক্রিয়েট, আরেকটা গোল। মেসি ছাড়া এই আর্জেন্টিনা টিমটা প্রচুর গোল মিস করলেও খুব একটা খারাপ না।’
অধিনায়ক মাঠে থাকলে পুরো দলের মানসিকতা কীভাবে বদলে যায়, তা উল্লেখ করে তিনি আরও লেখেন, ‘কিন্তু মেসি মাঠে নামলে এদের উপর কি জানি ভর করে! ফুল চার্জে থাকে।’
নিজের স্বভাবসুলভ রসিকতার ছলে ডিফেন্সের সমালোচনা করে ইরফান লিখেছেন, ‘ডিফেন্সের কথা কি বলবো! খেলা যত গড়ায় আর্জেন্টিনার ডিফেন্স ততই রোমান্টিক হয়ে যায়। এক ডিফেন্সটাই প্রবলেম।’
আর্জেন্টিনা সমর্থকদের দীর্ঘ প্রতীক্ষা ও মেসির ক্যারিয়ারের শেষ অধ্যায়ের প্রসঙ্গ টেনে পোস্টের শেষ অংশে ইরফান লেখেন, ‘যা বুঝলাম মেসি থাকতে থাকতেই আরেকটা বিশ্বকাপ নিয়ে নিতে হবে! না হলে এরপর যে আর কত বছর অপেক্ষা করা লাগবে কে জানে। যেহেতু ডিফেন্স ঠিক নাই।’
ইরফান সাজ্জাদের এই মন্তব্য সোশ্যাল মিডিয়ায় বেশ সাড়া ফেলেছে। তার পোস্টের নিচে ফুটবলপ্রেমীরা নানা ধরনের প্রতিক্রিয়া জানিয়েছেন। কেউ তার বিশ্লেষণের সঙ্গে একমত হয়েছেন, আবার কেউ আর্জেন্টিনার ডিফেন্স নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন।

বিনোদন ডেস্ক