সুপার শেফ ২০১৬ চ্যাম্পিয়ন রাফিয়া আহমেদ
এনটিভিতে রান্নাবিষয়ক রিয়্যালিটি শো ‘রূপচাঁদা-ডেইলি স্টার সুপার শেফ ২০১৬’-এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়েছে গতকাল শনিবার। হাজার হাজার প্রতিযোগীকে পেছনে ফেলে এবারে চ্যাম্পিয়ন হয়েছেন রাফিয়া আহমেদ এবং রানারআপ হয়েছেন হাসিনা ইরফান। তৃতীয় স্থান অধিকার করেছেন ফাতেমা আবেদীন। গ্র্যান্ড ফিনালেতে প্রতিযোগিতার জন্য বিভিন্ন রেসিপি তৈরি করেন রাফিয়া আহমেদ ও হাসিনা ইরফান।
অনুষ্ঠানের বিচারক প্যানেলে ছিলেন বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব তারিক আনাম খান, ওয়াটার ক্রেস্ট রেস্টুরেন্টের নির্বাহী শেফ সৈয়দ তোজাম্মেল হক তারেক, কালেমারি এক্সপার্ট শাহেদা ইয়াসমিন। এ ছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অভিনয়শিল্পী জয়া আহসান। ওয়াহিদুল ইসলাম শুভ্রর প্রযোজনায় অনুষ্ঠানটি উপস্থাপনা করেন নাজিবা বাসার।
চ্যাম্পিয়ন রাফিয়া আহমেদ বলেন, ‘আমি আমার বন্ধুর অনুপ্রেরণায় রূপচাঁদা-ডেইলি স্টার সুপার শেফ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলাম। আমি অনেক কৃতজ্ঞ আমার বন্ধুর কাছে। সবাই আমার জন্য দোয়া করবেন। ভবিষ্যতে রান্না নিয়ে ভালো কিছু করার পরিকল্পনা আমার রয়েছে।’
‘রূপচাঁদা-ডেইলি স্টার সুপার শেফ ২০১৬’ প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য সারা দেশ থেকে প্রায় ২০ হাজার প্রতিযোগী রেজিস্ট্রেশন করেন। সেখান থেকে যাচাই-বাছাই করে ৬০ জনকে নির্বাচন করা হয়। পরবর্তী সময়ে ১৬ জন চূড়ান্ত পর্বের জন্য লড়াই করেন। জাতীয় পর্যায়ের চূড়ান্ত বিজয়ী রাফিয়া আহমেদ পেয়েছেন ১০ লাখ ও রানারআপ হাসিনা ইরফান পেয়েছেন পাঁচ লাখ টাকা।

নাইস নূর