মম-সজলের ‘ডাকবাক্স’
নাটকের নাম ‘ডাকবাক্স’। নাম শুনেই বোঝা যাচ্ছে নাটকে নায়ক-নায়িকার চিঠি দেওয়া-নেওয়ার ব্যাপার রয়েছে। আসলেই তাই। নাটকের দুই অভিনয়শিল্পী আব্দুন নূর সজল ও জাকিয়া বারী মম চিঠির মাধ্যমে কথা বলতেন। তাঁদের চরিত্রের নাম যথাক্রমে ধ্রুব ও দোলন। মজুমদার বিপ্লবের রচনায় পরিচালক রাকেশ বসু সম্প্রতি ঈদের জন্য নাটকটি নির্মাণ করেছেন। নাটকটি প্রযোজনা করেছে আলফা আই।
‘ডাকবাক্স’ নাটকের গল্পে দেখা যাবে, ‘ধ্রুব বিশ্ববিদ্যালয়ের পাঠ চুকিয়ে নামকরা একটি প্রকাশনী সংস্থায় কাজ করে। সেখানে প্রুফ দেখে সে। কবিতা পছন্দ করে ধ্রুব। মাঝে মাঝে কবিতা লেখার চেষ্টাও করে ধ্রুব। যদিও ধ্রুব কোনোদিন কবি হতে চায়নি। আসলে কাজের ও সংসারের দায়িত্ব থেকে নিজেকে কবি বলতে ভালো লাগে না ধ্রুব’র। এদিকে ধ্রুবর সঙ্গে দোলনের পরিচয় বিশ্ববিদ্যালয়ে পড়ার সময়। তারা দুজন দুজনাকে পছন্দ করে কিন্তু সেই কথা মুখ ফোটে বলে না তারা। প্রতিদিন তারা দেখাও করে না। দুজন দুজনকে চিঠি লিখে নিজেদের স্বপ্নের কথা জানাতে থাকে। একদিন ধ্রুব আবিষ্কার করে দোলনের চিঠিতে বানান অনেক ভুল। এরপর ঘটতে থাকে গল্পের নতুন নতুন মোড়।’

আসছে ঈদে ‘ডাকবাক্স’ নাটকটি আরটিভিতে প্রচারিত হবে বলে জানান পরিচালক রাকেশ বসু।

ফিচার ডেস্ক