প্রেম, দুই সন্তান, এবার বিয়েও করলেন অর্জুন রামপাল-গ্যাব্রিয়েলা
বলিউড অভিনেতা অর্জুন রামপাল ও তাঁর দীর্ঘদিনের সঙ্গী গ্যাব্রিয়েলা দেমেত্রিয়াদেস অবশেষে বিয়ে করেছেন। তবে তাঁদের বিয়েতে ছিল না কোনো জাঁকজমকপূর্ণ আয়োজন। গোয়ার মাপুসার সাব-রেজিস্ট্রার কার্যালয়ে আইনি প্রক্রিয়ায় বিয়ে নিবন্ধন করেছেন তাঁরা।
সংবাদ সংস্থা পিটিআইয়ের প্রতিবেদন অনুযায়ী, উত্তর গোয়ার মাপুসার সাব-রেজিস্ট্রার কার্যালয়ে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন অর্জুন ও গ্যাব্রিয়েলা। স্থানীয় আইন অনুযায়ী, প্রথম ও দ্বিতীয় স্বাক্ষরের মধ্যে ১৫ দিনের অপেক্ষার বিধান রয়েছে। তবে বিশেষ অনুমতি নিয়ে সেই প্রক্রিয়া সম্পন্ন করেন তাঁরা।
সাব-রেজিস্ট্রার সুরজ ভেরনেকার জানিয়েছেন, গোয়ার ইউনিফর্ম সিভিল কোডের আওতায় তাঁদের বিয়ে নিবন্ধিত হয়েছে। বিশেষ দিনের জন্য জমকালো পোশাকও বেছে নেননি এই দম্পতি। বিকেল চারটার দিকে কার্যালয়ে আসেন তাঁরা। পরনে ছিল সাদামাটা পোশাক, সঙ্গে ছিলেন ঘনিষ্ঠ কয়েকজন বন্ধু।
অর্জুন ও গ্যাব্রিয়েলার সম্পর্কের শুরু ২০১৮ সালে। দীর্ঘদিন প্রেমের সম্পর্কে থাকার পর তাঁদের সংসারে আসে দুই সন্তান। ২০১৯ সালে তাঁদের প্রথম সন্তান এরিকের জন্ম হয়। চার বছর পর, ২০২৩ সালে জন্ম নেয় দ্বিতীয় সন্তান এরিভ।
সন্তান ও সংসার নিয়ে দীর্ঘ সময় একসঙ্গে কাটালেও বিয়ের আনুষ্ঠানিকতা নিয়ে তাড়াহুড়া করেননি তাঁরা। নিজেদের মতো করে সম্পর্ক এগিয়ে নিয়েছেন। ২০২৫ সালে অর্জুন গ্যাব্রিয়েলার সঙ্গে বাগ্দানের খবর প্রকাশ্যে আনেন। অবশেষে ২০২৬ সালে এসে আইনি স্বীকৃতি পেল তাঁদের সম্পর্ক।
বিয়ের আগে অবশ্য অর্জুন একাধিকবার জানিয়েছিলেন, তাঁদের সম্পর্কের জন্য বিয়ের কাগজ খুব একটা গুরুত্বপূর্ণ নয়। এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘বিয়ে আসলে কী? শেষ পর্যন্ত তো একটা কাগজ।’
অর্জুনের যুক্তি ছিল, বিয়ের পর অনেক সময় মানুষের মনে সম্পর্কটি স্থায়ী হয়ে যাওয়ার একটি ধারণা তৈরি হয়। সেই ধারণা সম্পর্কের স্বাভাবিকতাকে বদলে দিতে পারে। তাঁর কাছে গ্যাব্রিয়েলার সঙ্গে সম্পর্কের সৌন্দর্য ছিল এর স্বাভাবিক গতিতে। অভিনেতার ভাষ্য অনুযায়ী, তাঁরা এমনিতেই বিবাহিতের মতো ছিলেন। দুজনই একে অপরকে ভালো পথে এগিয়ে যেতে সাহায্য করেছেন এবং একই সঙ্গে প্রেমিক-প্রেমিকার সম্পর্কও উপভোগ করেছেন।
তবে বিয়ের বিরোধী নন—এ কথাও স্পষ্ট করেছিলেন অর্জুন। শেষ পর্যন্ত সেই ‘কাগজের’ স্বীকৃতিই নিলেন তাঁরা।
গ্যাব্রিয়েলার সঙ্গে সম্পর্কের আগে অর্জুনের দাম্পত্য জীবন ছিল মডেল ও সাবেক মিস ইন্ডিয়া মেহর জেসিয়ার সঙ্গে। ১৯৯৮ সালে বিয়ে করেছিলেন তাঁরা। তাঁদের দুই মেয়ে—মাহিকা ও মাইরা।
প্রায় ২১ বছর সংসার করার পর ২০১৯ সালে বিচ্ছেদ হয় অর্জুন ও মেহরের। দীর্ঘ দাম্পত্যের অবসানের পরও দুই মেয়ের সঙ্গে অর্জুনের সম্পর্ক ঘনিষ্ঠ। গ্যাব্রিয়েলার সঙ্গে সম্পর্ক শুরুর পরও সন্তানদের জীবনে বাবার দায়িত্ব পালন করে গেছেন তিনি।
প্রেমের সম্পর্ক থেকে একসঙ্গে সংসার শুরু করেছিলেন অর্জুন ও গ্যাব্রিয়েলা। বিয়ে ছাড়াই পরিবার শুরু করার পর দুই সন্তানের জন্ম হলেও দীর্ঘ সময় তাঁরা আইনি বিয়ে করেননি। এবার সেই সম্পর্কই পেল আনুষ্ঠানিক আইনি স্বীকৃতি।

বিনোদন ডেস্ক