গেম শো উপস্থাপনায় রিয়াজ-সাবা
অভিনয়শিল্পী রিয়াজ ও সাবা দুজনই অভিনয় নিয়ে অনেক ব্যস্ত সময় পার করছেন। নাটক ও চলচ্চিত্রের অভিনয়ের বাইরে দর্শকদের জন্য নতুন ভাবে পর্দায় শিগগির হাজির হচ্ছেন রিয়াজ ও সোহানা সাবা। আর তা হলো, একসঙ্গে তাঁরা প্রথমবারের মতো উপস্থাপনা করতে যাচ্ছেন।
অনুষ্ঠানের নাম ‘লাক ভেলকি লাখ’। এটা একটা গেম শো। চ্যানেল আইতে অনুষ্ঠানটি প্রচারিত হবে। অনুষ্ঠানটির প্রযোজক আকারেজা গালিব ও নির্বাহী প্রযোজক ইসমত আরা ইতি।
সোহানা সাবা বলেন, ‘প্রথমবারের মতো এই ধরনের অনুষ্ঠান উপস্থাপনা করতে যাচ্ছি। অনুষ্ঠানের থিমটা অনেক ভালো। তাই কাজটি করতে আগ্রহী হচ্ছি। এ ছাড়া রিয়াজ ভাইয়ের সঙ্গে উপস্থাপনা করব এটা ভেবে ভালো লাগছে।’
অনুষ্ঠান প্রসঙ্গে এনটিভি অনলাইনের সঙ্গে আলাপে ইসমত আরা ইতি বলেন, ‘লাক ভেলকি লাখ’ অন্যরকম একটি গেম শো। নামের মধ্যেই একটা ব্যাপার আছে। এই গেম শোতে যাঁরা অংশগ্রহণ করবেন তাঁরা প্রথমদিনে এক লাখ টাকা করে জিততে পারবেন। অনুষ্ঠানে আমরা মূলত সাধারণ মানুষদের আমন্ত্রণ জানাব। এ ক্ষেত্রে আমরা শুধু সামাজিক স্ট্যাটাস ও শিক্ষাগত যোগ্যতা দেখব। যে কেউ এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবেন। আশা করছি, দর্শকরা নতুন কিছু দেখতে পাবেন।’
২৬ পর্বের এই গেম শো অনুষ্ঠানটি আগস্ট মাস থেকে চ্যানেল আইতে প্রচারিত হবে বলে জানান ইসমত আরা ইতি। আগামীকাল বৃহস্পতিবার অনুষ্ঠানের প্রমোশনাল রেকর্ডিংয়ে অংশ নিবেন বলে জানান রিয়াজ ও সাবা।

নাইস নূর