ঈদে জাহিদ হাসানের ‘কুফা রাশি’
অভিনেতা জাহিদ হাসান রাশিফল একদমই বিশ্বাস করেন না। তবে রাশি নিয়ে কেউ কথা বললে তাঁর শুনতে মজা লাগে। এর বেশি কিছু নয়। এটি ব্যক্তি জাহিদ হাসানের মতামত বলে জানান তিনি।
তবে ‘কুফা রাশি’ নামের ঈদের একটি বিশেষ ধারাবাহিক নাটকে জাহিদ হাসান রাশিফল বিশ্বাস করেন।
নাটকের গল্পে দেখা যাবে জাহিদ হাসান যে কাজই করেন, সে কাজে তাঁর বাধা আসে। বহুদিন ধরে চাকরি খুঁজেও তিনি চাকরি পান না। আশপাশের সবাই তাঁকে বলে কুফার কারণে জাহিদ হাসানের চাকরি হয় না।
জাহিদ হাসান তাই বিশ্বাস করেন, ভাগ্য পরিবর্তন করার জন্য জ্যোতিষীর কাছ থেকে একটা পাথরও কেনেন তিনি। কিন্তু সেই পাথরে ভাগ্যের কোনো পরিবর্তন আসে না তাঁর। এভাবে এগিয়ে যেতে থাকে নাটকের গল্প। হামেদ হাসান নোমানের রচনায় নাটকটি পরিচালনা করেছেন সাজ্জাদ সুমন।

নাটকটি প্রসঙ্গে এনটিভি অনলাইনকে পরিচালক সাজ্জাদ সুমন বলেন, ‘নাটকটিতে অনেক মজার ঘটনা তুলে ধরা হয়েছে। তবে নাটকের শেষে শিক্ষণীয় কিছু বার্তা থাকবে। নাটক নির্মাণে মাঝে মাঝে অনেক কষ্ট হয়। কিন্তু এই নাটকে আমাদের কারো কষ্ট হয়নি। আমরা খুব মজা করে নাটকের কাজ শেষ করেছি। নাটকের প্রত্যেকটা শিল্পী ছিলেন অনেক আন্তরিক।’
নাটকটিতে জাহিদ হাসান ছাড়াও আরো অভিনয় করেছেন তাহসিন, আরফান আহমেদ, ফারুক আহমেদ, কচি খন্দকার, মিলন ভট্টাচার্য, মিথিলা, নাবিলা, শিখা, মৌ প্রমুখ।
‘কুফা রাশি’ নাটকটি ঈদের অনুষ্ঠানমালায় বৈশাখী টেলিভিশনে প্রচারিত হবে।

নাইস নূর