উপস্থাপনায় জয়া-ফেরদৌস
অভিনেত্রী জয়া আহসান উপস্থাপনা করেছিলেন অনেকদিন আগে। অভিনয়ের ব্যস্ততার কারণে উপস্থাপনায় তাঁকে আর পাননি দর্শকরা। অন্যদিকে চিত্রনায়ক ফেরদৌস অভিনয়ের পাশাপাশি মাঝে মাঝে ভালো কিছু অনুষ্ঠান উপস্থাপনা করেছেন।
নতুন খবর হলো, আসছে ঈদ উপলক্ষে বিটিভির ম্যাগাজিন অনুষ্ঠান ‘ঈদ আনন্দ মেলা’ অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন তাঁরা দুজন।
এ বিষয়ে এনটিভি অনলাইনকে জয়া আহসান বলেন, ‘এখানে উপস্থাপকের মতো অনুভূতি খুব একটা হয়নি। খুব স্বাভাবিকভাবে আমরা উপস্থাপনা করেছি। গত বছর আনন্দ মেলা অনুষ্ঠানে আমি ও ফেরদৌস পারফর্ম করেছিলাম।’
‘ঈদ আনন্দ মেলা’ অনুষ্ঠানের শুরুতে থাকবে একটি বিশেষ চমক। কোরিওগ্রাফার ইভান শাহরিয়ার সোহাগ ‘আমি নিঃস্ব হয়ে যাবো’ গানের তালে জয়া আহসানের সঙ্গে নাচ পরিবেশন করবেন। উপস্থাপকের সঙ্গে দর্শকদের পরিচয় করিয়ে দেবেন সোহাগ।
অনুষ্ঠানটিতে মুনমুন- লিখন, চাঁদনী-সোহেল, তমা মির্জা-ইভান শাহরিয়ার সোহাগের পরিবেশনায় থাকবে নৃত্য। ঈদের দিন রাত ১০টা ৩০ মিনিটে বিটিভিতে ‘ঈদ আনন্দ মেলা’ প্রচারিত হবে।


নাইস নূর