‘হাসির নাটকে অভিনয় করতে এখন ভালো লাগে না’
দেশের জনপ্রিয় অভিনয়শিল্পী জাহিদ হাসান অভিনয়ের পাশাপাশি নাটক পরিচালনাও করেন। তাই অন্য শিল্পীদের চেয়ে তিনি একটু বেশিই ব্যস্ত। আসন্ন ঈদ উপলক্ষে বেশ কিছু নাটকে অভিনয় করেছেন তিনি। এবারের ঈদের জন্য তাঁর অভিনীত উল্লেখযোগ্য নাটকগুলোর মধ্যে রয়েছে অঞ্জন আইচ পরিচালিত ‘ডা. জাহিদ হাসান’, রুমান রুনির ‘ঘাড়তেড়া মজনু’, শামীমা শাম্মীর ‘রক্তদ্রোণ’, মোস্তফা কামাল রাজের ‘ছেলেমানুষী’, সাজ্জাদ সুমনের ‘কুফা রাশি’।
এ ছাড়া ঈদের জন্য নিজেই দুটি নাটক পরিচালনা করেছেন জাহিদ হাসান। একটি সাত পর্বের ধারাবাহিক নাটক ‘ঈদ মোবারক’, অন্যটি একক নাটক ‘মার্শাল’। এবারেও অধিকাংশ হাসির নাটকে অভিনয় করেছেন জাহিদ হাসান।
এ প্রসঙ্গে জানতে চাইলে এনটিভি অনলাইনকে জাহিদ হাসান বলেন, ‘হাসির নাটকে অভিনয় করতে এখন ভালো লাগে না। কয়েক বছর ধরে আমি যত চিত্রনাট্য পাচ্ছি, সব নাটক হাসির গল্প। এ বিষয়ে পরিচালকদের প্রশ্ন করলে তাঁরা বলেন, চ্যানেল কর্তৃপক্ষের আগ্রহে হাসির নাটক বেশি নির্মাণ করা হচ্ছে। কিন্তু সত্যি বলছি, আমি রোমান্টিক, সিরিয়াস, থ্রিলার, ট্র্যাজেডি, কমেডি সব ধরনের নাটকে অভিনয় করতে আগ্রহী। শুধু কমেডি নাটকে অভিনয় করব, তা হয় না। সব ধরনের ভালো গল্পের চিত্রনাট্যে অভিনয় করতে চাই। এখন দেখা যাক সামনে কী হয়!’
ঈদ উপলক্ষে আরো কিছু ভালো গল্পের নাটকে অভিনয় করবেন বলে জানান গুণী এই অভিনেতা।

নাইস নূর