ঈদের দিনে এনটিভির আয়োজন
ঈদুল ফিতর উপলক্ষে এনটিভি সাত দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করেছে। চলচ্চিত্র, বিশেষ টেলিফিল্ম, নাটক প্রচারের পাশাপাশি তারকাদের আয়োজনে এনটিভি বিশেষ কিছু অনুষ্ঠান প্রচার করবে। চলুন জেনে নিই, আগামীকাল বৃহস্পতিবার ঈদের দিনে এনটিভিতে কী কী অনুষ্ঠান থাকছে।
পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি : অন্তরঙ্গ
সকাল ১০টা ৫ মিনিটে প্রচারিত হবে পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি ‘অন্তরঙ্গ’। চাষী নজরুল ইসলামের পরিচালনায় ছবিটিতে অভিনয় করেছেন ইমন, আলিশা, অমিত হাসান, অরুণা বিশ্বাস, শহীদুজ্জামান সেলিম প্রমুখ।
বিশেষ টেলিফিল্ম : সেলফি
দুপুর ২টা ৩৫ মিনিটে প্রচারিত হবে ঈদের বিশেষ টেলিফিল্ম ‘সেলফি’। ফেরদৌস হাসানের রচনা ও পরিচালনায় টেলিফিল্মটিতে অভিনয় করেছেন ইমন, সুমাইয়া শিমু, তানভীর, ইশানা, ডা. এজাজ, শম্পা হাসনাইন, দিলারা জামান, জিয়াউল হাসান কিসলু, মম আলী প্রমুখ।
ছোটদের অনুষ্ঠান : লাল পরী নীল পরী
বিকেল ৫টা ২০ মিনিটে প্রচারিত হবে ছোটদের বিশেষ অনুষ্ঠান ‘লাল পরী নীল পরী’। ঐশ্বর্য্যর উপস্থাপনায় অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন কাজী মোহাম্মদ মোস্তফা। অনুষ্ঠানটিতে অংশগ্রহণ করেছেন মার্কস অলরাউন্ডার প্রিন্স, নাবিল, নৌমণি প্রমুখ।
৭ পর্বের ধারাবাহিক নাটক : আমি তুমি তুমি আমি
সন্ধ্যা ৬টা ১০ মিনিটে প্রচারিত হবে ঈদের বিশেষ ধারাবাহিক নাটক ‘আমি তুমি তুমি আমি’র প্রথম পর্ব। এজাজ মুন্নার রচনা ও পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন সাজু খাদেম, শ্যামল, কুসুম শিকদার, উর্মিলা, আবদুল কাদের, মনিরা মিঠু, হৃদি হক প্রমুখ। নাটকের গল্পে দেখা যাবে, ‘অবসরপ্রাপ্ত কাজী নিয়াজ মাহমুদার স্ত্রী মাহমুদা বেলি নিয়াজ এরই মধ্যে জানিয়ে দিয়েছেন, সংসার থেকে তিনি অবসর গ্রহণ করবেন। স্ত্রীর মুখে এই কথা শুনে খানিকটা ধাক্কা খেলেন। সিদ্ধান্ত নিলেন, দুই ছেলে সাহিল আর সাজিদ বিয়ে দিয়ে সংসারের ভার বুঝিয়ে স্ত্রীকে অবসরে পাঠাবেন। বিয়ের কথা শুনে সাহিল আর সাজিদ খুশি হয়। কিন্তু বাবার পছন্দে তারা বিয়ে করবে না, সেটা জানিয়ে দেয়। বাবা তাদের কথা মেনে নিয়ে ঘোষণা দেন, আগামী সাত দিনের মধ্যে তাদের পছন্দের মেয়ের মা-বাবার ঠিকানা দিতে। তিনি গিয়ে কথা বলে বিয়ে চূড়ান্ত করবেন। এই কথায় সাহিল আর সাজিদ দুজনই রাজি। তারপর?’
৭ পর্বের ধারবাহিক নাটক : লাভ অ্যান্ড কোং
সন্ধ্যা ৬টা ১০ মিনিটে প্রচারিত হবে ঈদের বিশেষ ধারাবাহিক নাটক ‘লাভ অ্যান্ড কোং’র প্রথম পর্ব। মাসুদ সেজানের রচনা ও পরিচালনায় নাটটিতে অভিনয় করেছেন মাহফুজ আহমেদ, পূর্ণিমা, ডা. এজাজ, শামীমা নাজনীন, মিশু সাব্বির, সাবিলা নূর, শাহরিয়ার নাজিম জয় প্রমুখ।
নাটকটির গল্পে দেখা যাবে, ‘সুমি ছুটে আসে আরিফের কাছে। তার চোখেমুখে আতঙ্ক। প্রশ্ন করতেই সুমি কেঁদে দিল। নবদম্পতির মিষ্টি হানিমুনটা নষ্ট করতে যে এসেছে, যাকে দেখে সুমি এতটা বিচলিত, জাফর নামের এই ছেলেটি কে? অন্যদিকে, জুঁই ও রন্টুর নতুন প্রেম। আদৌ তারা রিলেশনটা কন্টিনিউ করবে কি না, একটু যাচাই-বাছাই করে নিতে চায়। তারা লাভ সেলিব্রেশন নামে একটি ট্যুরের আইডিয়া করে। চা বাগান ঘেরা রিসোর্টে তাদের প্রথম সকালটা খুব ভালোভাবেই শুরু হয়েছিল; কিন্তু হঠাৎ করেই জুঁইয়ের বড় ভাই জসিম উদ্দিন সব উল্টাপাল্টা করে দিল। তার বউ মমতাজ যখন ডিভোর্স দেওয়ার চূড়ান্ত প্রস্তুতি নিয়েছে, জসিম উদ্দিন ফাঁসির আসামির শেষ ইচ্ছা পূরণের আদলে মমতাজের সঙ্গে একটা ট্যুর ভিক্ষা চায়। তাই তারা এখানে এসেছে। জুঁই হঠাৎ ভাই-ভাবিকে এখানে দেখে বজ্রাহত হয়।’
বিশেষ নাটক : বাজারে প্রেমের দর
রাত ৮টা ৫ মিনিটে প্রচারিত হবে বিশেষ নাটক ‘বাজারে প্রেমের দর’। গিয়াস উদ্দীন সেলিমের রচনা ও পরিচালনায় এই নাটকে অভিনয় করেছেন মামুনুর রশীদ, চঞ্চল চৌধুরী, অপূর্ব, সাবিনা রিমা, সানজিদা তন্বী প্রমুখ।
সেলিব্রেটি কুইজ শো : প্রশ্নের মুখোমুখি
রাত ৯টায় প্রচারিত হবে সেলিব্রেটি কুইজ শো ‘প্রশ্নের মুখোমুখি’। জাহাঙ্গীর চৌধুরীর প্রযোজনায় অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন মুনমুন। বিশেষ এই অনুষ্ঠানটিতে অংশগ্রহণ করেছেন শবনম ফারিয়া, স্বাগতা, সোনিয়া হোসেন, শাহাদাত হোসেন, শাহেদ শরীফ খান ও শতাব্দী ওয়াদুদ।
৭ পর্বের ধারাবাহিক নাটক : অশ্বডিম্ব
রাত ৯টা ৫০ মিনিটে প্রচারিত হবে ধারাবাহিক নাটক ‘অশ্বডিম্ব’র প্রথম পর্ব। অনিমেষ আইচের রচনা ও পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন আবুল কালাম আজাদ, ফারুক হোসেন, চঞ্চল চৌধুরী, আশনা হাবিব ভাবনা, রুনা খান, মৌসুমী হামিদ প্রমুখ। নাটকের গল্পে দেখা যাবে, ‘গ্রাম্য কৃষক জলিল মিঞা ফজরের নামাজ পড়ে উঠানে গিয়ে দেখেন, বিশাল আকৃতির এক ডিম পড়ে আছে। দ্রুত তার স্ত্রী নূরানীকে ডেকে তোলে, দুজনই রীতিমতো হতভম্ব। মাতাল ফজলু দাবি করে, সে গত রাতে এক ঘোড়াকে এখানে ডিম পেড়ে জঙ্গলে মিলিয়ে যেতে দেখেছে। ক্রমে ব্যাপারটা জানাজানি হয় এবং গ্রামের নানা প্রান্ত থেকে মানুষ আসতে থাকে। কোথা থেকে এলো এই ডিম? এ কিসের আলামত! চেয়ারম্যান সাহেবের মেয়ে নীতুর বড় সাধ এই ডিমের পোচ কিংবা ওমলেট খাবার। নীতুর মায়েরও একই মত। কেউ বলে তা দিয়ে বাচ্চা ফোটাতে, কেউ বলে শহরে নিয়ে জাদুঘরে জমা দিতে। কেউ বা নিছকই খেয়ে ফেলার পরিকল্পনায় ব্যস্ত।’
৭ পর্বের ধারাবাহিক নাটক : বাপের বেটা
রাত ৯টা ৫০ মিনিটে প্রচারিত হবে ধারাবাহিক নাটক ‘বাপের বেটা’র প্রথম পর্ব। মারুফ রেহমানের রচনায় নাটকটি পরিচালনা করেছেন মাহফুজ আহমেদ। নাটকটিতে অভিনয় করেছেন মোশাররফ করিম, রিচি সোলায়মান, আ খ ম হাসান, মিথিলা, পারসা ইভানা, জামিল, জামাল রাজা, টুনটুন প্রমুখ। নাটকের গল্পে দেখা যাবে, ‘কে বাপ আর কে বেটা, তা মোশাররফ আর তার ছেলে হাসানকে দেখে বোঝার কোনো উপায় নেই। জমির দালাল মোশাররফ বউয়ের বাড়িতেই থাকে। শরীর ঠিক রাখার জন্য যে নিয়মিত ব্যায়াম করে। তার বউ রিচি সোলায়মান স্বামীর কাজকর্মে খুবই বিরক্ত। ছেলে হাসান সারা দিন গান, কবিতা লেখা আর ফেসবুক নিয়ে ব্যস্ত। ফেসবুকের সুবাদে গ্রামের দুই বোন তার লেখার প্রেমে পড়ে যায়। ঘটনাক্রমে ছেলের ফেসবুক নিজে ব্যবহার করা শুরু করে মোশাররফ। কিন্তু রহস্য কী?’
বিশেষ নাটক : সাক্ষাৎকার
রাত ১১টা ৩০ মিনিটে প্রচারিত হবে বিশেষ নাটক ‘সাক্ষাৎকার’। পান্থ শাহরিয়ারের রচনায় নাটকটি পরিচালনা করেছেন নঈম ইমতিয়াজ নেয়ামূল। অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন, মৌ, ইন্তেখাব দিনার, মনির, মিজান প্রমুখ।

নাইস নূর