বিয়ের পর দুই তারকা দম্পতির প্রথম ঈদ!
অভিনয়শিল্পী এফ এস নাঈম ও নাদিয়া বিয়ে করেছেন চলতি বছরের ১৪ জানুয়ারি। অন্যদিকে পরিচালক রাফসান আহসান ও অভিনয়শিল্পী স্পর্শীয়ার বিয়ে হয় গত বছরের ১ অক্টোবর। বিয়ের পর এবারেই তাঁরা প্রথম ঈদ উদযাপন করছেন।
ঈদ উপলক্ষে নাঈমকে অনেক পাঞ্জাবি উপহার দিয়েছেন নাদিয়া। হালকা রঙের পাঞ্জাবি পছন্দ করেন নাঈম। তাই উপহারের সব পাঞ্জাবির রং হালকা ছিল বলে জানান নাঈম। ঈদের দিন শ্বশুরবাড়ির আত্মীয়স্বজনের বাসায় দাওয়াত খেয়ে সময় পার করছেন তিনি।
নাঈম আরো বলেন, ‘এত দিন বন্ধু-বান্ধবদের সঙ্গে ঈদ করতাম। এখন পরিবার ছাড়াও শ্বশুরবাড়ির আত্মীয়স্বজনের সঙ্গে দারুণ সময় কাটাচ্ছি। নাদিয়া নিজেই রান্না করেছেন। ওর সঙ্গে মুহূর্তগুলো খুব রঙিন কাটছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’
অন্যদিকে বিয়ের প্রথম ঈদ ভালোভাবে উদযাপন করছেন রাফসান। স্পর্শীয়ার সঙ্গে ফেসবুকে ছবিও পোস্ট করেছেন। নতুন পোশাকও পরেছেন।
রাফসান বলেন, ‘বিয়ের পর প্রথম ঈদ। এ অনুভূতি বলে বোঝাতে পারব না। আমরা দুজন মিলে ঘুরছি। তবে দেশের পরিস্থিতি ভালো হলে আরো ভালো লাগত।’
অন্যদিকে স্পর্শীয়ার অনেক মন খারাপ। ঈদের উপহার পাওয়া পোশাকও পরেননি তিনি।
স্পর্শীয়া বলেন, ‘রাফসানের সঙ্গে ঘুরছি, এটা ঠিক। কিন্তু দেশের পরিস্থিতির জন্য অস্থির লাগছে। তাই নতুন পোশাকও পরিনি। সাজগোজও করা হয়নি। সবাই ভালো থাকুক, এই প্রত্যাশাই করছি।’

নাইস নূর