‘সিনেমাওয়ালা’ নিয়ে আসছেন প্রভা
অভিনয়শিল্পী সাদিয়া জাহান প্রভা বিভিন্ন নাটক ও টেলিফিল্মে নায়িকা চরিত্রে অভিনয় করেছেন। আবারও তাঁকে নায়িকার চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। ধারাবাহিক নাটকটির নাম ‘সিনেমাওয়ালা’। এতে ‘হীরা’ নামে দেশের সেরা একজন নায়িকার চরিত্রে অভিনয় করেছেন প্রভা। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন সুমন আনোয়ার। নাটকটিতে অভিনয় করেছেন তিনি নিজেও।
‘সিনেমাওয়ালা’ নাটকের গল্প নিয়ে এনটিভি অনলাইনকে পরিচালক সুমন আনোয়ার বলেন, ‘নাটকটিতে আমার নিজের গল্প পাওয়া যাবে। তাই আমি নিজেও এতে অভিনয় করেছি। নাটকের প্রধান একটি চরিত্রে অভিনয় করেছেন প্রভা, যিনি কি না মফস্বল এলাকার মেয়ে থাকেন। একটা সুন্দরী প্রতিযোগিতায় প্রথম হয়ে চলচ্চিত্রে তাঁর অভিষেক হয়। এর পর শুরু হয় তাঁর নতুন জীবন। এভাবে এগিয়ে যেতে থাকে নাটকের গল্প। এ ছাড়া নাটকের গল্পে অনেক চমক থাকবে।’
নাটকটির শুটিং চলতি বছর থেকে শুরু করেছিলেন সুমন আনোয়ার। ঢাকার বিভিন্ন মনোরম লোকেশনে নাটকটির শুটিং করা হয়েছে। এখনো পুরো নাটকের শুটিং হয়নি। খুব শিগগির নাটকটির শুটিং আবারও শুরু করা হবে বলে জানান সুমন আনোয়ার।
আগামীকাল সোমবার থেকে এনটিভিতে শুরু হচ্ছে ‘সিনেমাওয়ালা’ ধারাবাহিক নাটকটি। প্রতি সপ্তাহের সোম ও মঙ্গলবার রাত পৌনে ১০টায় নাটকটি প্রচারিত হবে।
নাটকে প্রভা ছাড়াও আরো অভিনয় করেছেন শ্যামল মাওলা, শাহেদ শরীফ খান, আজাদ আবুল কালাম, ফারহানা মিলি, সুষমা সরকার, মৌসুমি হামিদ, সোনিয়া হোসেন, মীম, তানজিকা আমিন, পুনম হাসান জুঁই, আরফান আহমেদ প্রমুখ।

ফিচার ডেস্ক