এক ছবিতে আনুশকা-ক্যাটরিনা?
একে অন্যের সাথে কাজ করা নিয়ে বলিউডি নায়িকারা সব সময়েই সতর্ক। যদি স্টারডমে ভাগাভাগি পড়ে যায়! আনুশকা ও ক্যাটরিনার ক্ষেত্রে ব্যাপারটা একেবারেই উল্টো। ক্যারিয়ারের শীর্ষে থাকা অবস্থায় দুজন একসাথে কাজ করেছেন জশ চোপড়ার শেষ ছবি ‘জব তক হ্যায় জান’-এ। দুজন আবারও একসাথে কাজ করতে পারেন বলে জানা গেছে এনডিটিভির খবরে।
ব্যক্তিজীবনে বিরাটের সাথে আনুশকার সম্পর্ক, রণবীর কাপুরের সাথে ক্যাটরিনার। তুমুল মাতামাতি এ দুই যুগলকে নিয়েই। সুতরাং আপন ভুবনেও ক্যাটরিনা-আনুশকার মিল রয়েছে বলা যায়। সে হিসেবেই হোক আর অন্য যাচাইয়ে, করণ জোহরের পরবর্তী ছবিতে একসাথে কাজ করার কথা রয়েছে দুজনের। যদিও এ সংবাদ এখনো বলিউডি গুঞ্জন ছাড়িয়ে পাকাপাকি খবর হয়ে ওঠেনি।
বি টাউনে আওয়াজ, যে ছবিতে কাজ করার কথা- সেটির স্ক্রিপ্ট নাকি পৌঁছে গেছে দু্ই অভিনেত্রীর হাতে। এখন শুধু তাদের সম্মতির অপেক্ষা। ছবির নামধাম অবশ্য এখনো জানা যায়নি। করণ জোহর এখন ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ নিয়ে ব্যস্ত। এ ছবিতে আনুশকাও রয়েছেন, সাথে কাজ করছেন রণবীর কাপুর, ঐশ্বরিয়া রাই বচ্চনের মতো তারকারা।
বিরাট-আনুশকার জুড়ি তৈরি হওয়ার প্ল্যাটফর্ম ছিল একটি শ্যাম্পুর ব্র্যান্ডের বিজ্ঞাপন। সেখান থেকেই পরিচয়, সে পরিচয় গড়িয়ে অনেক দূর। জানা গেল, যে সমস্ত ব্র্যান্ডের প্রচারণা ক্যাটরিনা করছেন-সেগুলোতে রণবীরকেও সম্পৃক্ত করার ব্যাপারে আগ্রহী হয়ে উঠেছেন ক্যাটরিনা।
এই দুই অভিনেত্রীকে একসাথে আবার দেখা যাবে কি না, আর সেখানে তাঁদের ভূমিকাই বা কেমন হবে-দেখার জন্য অপেক্ষা ছাড়া উপায় কি ভক্তদের!

সামি আল মেহেদী