পরকীয়ায় মেতেছেন থালাপতি বিজয়, ২৭ বছরের সংসার ভাঙছেন স্ত্রী
দক্ষিণী তারকা বিজয়-এর ২৭ বছরের সংসার ভাঙনের মুখে—এমন খবরেই তোলপাড় তামিল ইন্ডাস্ট্রি। স্ত্রী সংগীতা স্বর্ণালিঙ্গাম বিয়েবিচ্ছেদের জন্য আদালতে আবেদন করেছেন। আবেদনপত্রে স্বামীর বিরুদ্ধে বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগ তুলেছেন তিনি।
ভারতীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে জানানো হয়েছে, সংগীতা তার আবেদনে উল্লেখ করেছেন—বিয়ে চলাকালীন সময়ে বিজয় ‘একজন অভিনেত্রীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন’। তার দাবি, ২০২১ সালের জুলাই থেকে এই সম্পর্কের শুরু। প্রথমে বিষয়টি শেষ করার আশ্বাস দিলেও পরে তা অব্যাহত থাকে বলে অভিযোগ করেছেন তিনি। এ কারণে মানসিক কষ্ট ও বিশ্বাসভঙ্গের শিকার হয়েছেন বলেও আদালতে জানিয়েছেন সংগীতা।
তবে আবেদনপত্রে ওই অভিনেত্রীর নাম উল্লেখ করা হয়নি। সামাজিক মাধ্যমে নানা জল্পনা ছড়ালেও এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেননি বিজয় বা সংশ্লিষ্ট কেউ।
আগামী ২০ এপ্রিল বিচ্ছেদ মামলার শুনানি হওয়ার কথা রয়েছে। খবর প্রকাশের পর ভক্তদের একাংশ স্তম্ভিত। তাদের বিশ্বাস, প্রিয় তারকা সম্পর্কে প্রতারণার অভিযোগ সত্য হতে পারে না।
অভিনয়ের গণ্ডি পেরিয়ে সম্প্রতি রাজনীতিতে নাম লিখিয়েছেন বিজয়। ‘তামিলাগা ভেটরি কাজাগাম’ (টিভিকে) নামে রাজনৈতিক দল গঠন করে আসন্ন তামিলনাড়ু নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। ফলে দাম্পত্য ভাঙনের খবর ঘিরে রাজনৈতিক সমীকরণের আলোচনাও সামনে আসছে।
শ্রীলঙ্কার তামিল শিল্পপতির মেয়ে সংগীতা স্বর্ণালিঙ্গামের জন্ম ও বেড়ে ওঠা লন্ডনে। ভক্ত হিসেবেই বিজয়ের সঙ্গে তার পরিচয়, এরপর ১৯৯৯ সালে ভালোবেসে বিয়ে। ধর্ম আলাদা হলেও হিন্দু রীতিতে সম্পন্ন হয় তাদের বিয়ে। দীর্ঘ দাম্পত্যে তাদের এক ছেলে জেসন সঞ্জয় ও এক মেয়ে দিব্যা সাশা রয়েছে।
ব্যক্তিজীবনের এই টানাপোড়েন, রাজনীতিতে নতুন অধ্যায়—সব মিলিয়ে থালাপতি বিজয় এখন আলোচনার কেন্দ্রে। ২০ এপ্রিলের শুনানির দিকেই তাকিয়ে রয়েছে ইন্ডাস্ট্রি ও ভক্তমহল।

বিনোদন ডেস্ক