‘মাটির পরী’ বিপাশা
‘মাটির পরী’। ছবির নাম। ছবিটির শুটিং চলছে এফডিসির তিন নম্বর ফ্লোরে। আজ সোমবার সেখানে গিয়ে দেখা গেল, আইটেম গানের দৃশ্য শুট করা হচ্ছে। এই শুটের মধ্য দিয়েই নাকি শেষ হচ্ছে এই ছবির কাজ। এরপর পোস্ট প্রোডাকশন। ছবিটি পরিচালনা করছেন সায়মন তারেক। শেষ মুহূর্তের ব্যস্ততায় শেষ করছেন ছবির আইটেম গানের কাজ। আর এই আইটেম গানে নাচ করছেন এ সময়ের এক নম্বর আইটেম গার্ল ও চিত্রনায়িকা বিপাশা কবির।
আইটেম গান বিষয়ে নায়িকা বিপাশা কবির বলেন, “আমার চলচ্চিত্রের শুরুটা আইটেম গান দিয়ে। কিন্তু চলচ্চিত্রে এসেছিলাম নায়িকা হওয়ার জন্য। আমি জানতাম, কয়েকটি ছবির আইটেম গানে কাজ করলেই পরিচালকরা আমাকে নায়িকা হিসেবে টেনে নেবে। এরই মধ্যে আমি তিনটি ছবিতে প্রধান নায়িকা হিসেবে কাজ করছি। তার মানে এই না যে আমি আইটেম গানে কাজ করব না। অনেক বাছাই করে কাজ করি। ভালো গল্প, ভালো পরিচালক, ভালো অভিনেতাদের ছবিতে আইটেম গানে কাজ করতে আপত্তি নেই। আর এই ‘মাটির পরী’ ছবির আইটেম গানে কাজ করছি পরিচালক সায়মন তারেক স্যারের প্রতি সম্মান দেখিয়ে। কারণ ওনার ছবিতেই আমি প্রথম নায়িকা হিসেবে কাজ করেছি।”
আইটেম গানে বিপাশার সঙ্গে নাচ করছেন শাকিল রাজ। তিনি বলেন, ‘এই ছবিতে সাদেক বাচ্চু আমার বাবার ভূমিকায় কাজ করছেন। আমি বাবার অনেক আদরের ও বখাটে সন্তান। বাবা আমার জন্য সব করতে পারেন। সমাজের ক্ষমতাধর লোকের চরিত্রে অভিনয় করছেন তিনি। আমি আর সায়মন একই নায়িকার প্রেমে পড়ি। কিন্তু নায়িকা লামিয়া ভালোবাসে নায়ক সায়মনকে। আমি যেহেতু ভিলেন তাই বুঝতেই পারছেন নায়িকা আমাকে কেন পছন্দ করবে? গল্পটা অনেক সুন্দর। দর্শক ছবিটি পছন্দ করবে।’
পরিচালক সায়মন তারেক বলেন, “আজকের এই আইটেম গানের শুটিংয়ের মধ্য দিয়ে শেষ হচ্ছে ‘মাটির পরী’ ছবির শুটিংয়ের কাজ। ছবির মূল ভূমিকায় কাজ করছেন নায়ক সায়মন, নায়িকা লামিয়া ও মৌমিতা। এই দুবোনই ভালোবাসে নায়ক সায়মনকে। শাকিল রাজ অনেক গুরুত্বপূর্ণ একটি ভূমিকায় কাজ করছেন। আগামী ১৫ মে ‘মাটির পরী’ ছবিটি সেন্সর বোর্ডে জমা দেওয়া হবে।”

মাজহার বাবু