রবীন্দ্র-প্রয়াণ দিবসে এনটিভির বিশেষ আয়োজন
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস ২২ শ্রাবণ। তাঁর প্রয়াণ দিবস উপলক্ষে আগামী শনিবার এনটিভিতে দিনব্যাপী বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করা হবে। চলুন জেনে নিই, কী কী অনুষ্ঠানমালা থাকবে।
বিশেষ অনুষ্ঠান : প্রতিদিনের সূর্য
ভোর ৬টা ১৫ মিনিটে প্রচারিত হবে বিশেষ অনুষ্ঠান ‘প্রতিদিনের সূর্য’। আলফ্রেড খোকনের প্রযোজনায় অনুষ্ঠানটিতে অংশগ্রহণ করেছেন বদরুদ্দিন উমর, ড. খালিকুজ্জামান ইলিয়াস ও রাজু আলাউদ্দিন।
এই শতাব্দীতে এসে কবি রবীন্দ্রনাথের মূল্যায়ন এবং রবীন্দ্রনাথের কবিতার একক আবৃত্তি করবেন দেশের বরেণ্য লেখক-রাজনীতিক-শিক্ষক বদরুদ্দীন উমর এবং তাঁর প্রজন্ম রবীন্দ্রনাথকে কীভাবে আবিষ্কার করে, রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে সংক্ষেপে বলবেন। লাতিন আমেরিকা তথা বহির্বিশ্বে রবীন্দ্রনাথ কীভাবে আছেন, সে সম্পর্কে বলবেন এ প্রসঙ্গে গবেষণারত বিশিষ্ট অনুবাদক ও লেখক রাজু আলাউদ্দিন। আর রবীন্দ্রনাথের ভাঙ্গার গান এবং পাশ্চাত্য থেকে আহরিত ভাব ও সুর নিয়ে রচিত গান প্রসঙ্গে কথা বলবেন লেখক ও ইংরেজি সাহিত্যের অধ্যাপক ড. খালেকুজ্জামান ইলিয়াস। থাকবে রবীন্দ্রনাথের স্বকণ্ঠে গান। অনুষ্ঠানটির লিংক ও উপস্থাপনা করবেন লোপা মমতাজ।
বিশেষ অনুষ্ঠান : নতুন কণ্ঠে রবীন্দ্রনাথ
ভোর ৬টা ৫৫ মিনিটে প্রচারিত হবে ছোটদের বিশেষ অনুষ্ঠান ‘নতুন কণ্ঠে রবীন্দ্রনাথ’। অনুষ্ঠানে শিশুদের জন্য রবীন্দ্রনাথের বিভিন্ন লেখা থেকে শিশু শিল্পীদের অংশগ্রহণে উপস্থাপন করা হবে। মূলত শিশু-কিশোরদের কণ্ঠে রবীন্দ্রনাথ কীভাবে উচ্চারিত হয়, তাই তুলে ধরা হবে কথা, ছড়া, কবিতা ও গানে গানে। মুনমুনের উপস্থাপনায় এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন রেজওয়ানা চৌধুরী বন্যা ও মনোবিজ্ঞানী মেহতাব খানম।
বিশেষ নাটক : শিশির
দুপুর ১২টা ২০ মিনিটে প্রচারিত হবে বিশেষ নাটক ‘শিশির’। রবীন্দ্রনাথের গল্প অবলম্বনে নাট্যরূপ দিয়েছেন অয়ন চৌধুরী এবং পরিচালনা করেছেন নাহিদ বাবু।
নাটকটিতে অভিনয় করেছেন প্রভা, আবির, অর্পণা, চিত্রলেখা গুহ, আল মামুন প্রমুখ।
‘মা মরা হৈমন্তীর বিয়ে হয় সতেরো বছর বয়সে। বয়সই তাঁর প্রধান শত্রু হয়ে দাঁড়ায়। অন্যদিকে অপু হৈমন্তীর একটি ছবি দেখে তাঁর প্রেমে পড়ে যায়। অপু হৈমন্তীকে শিশির নামে ডাকত। মা-বাবার বাধ্য সন্তান অপু সামাজিক কুসংস্কারকে উপেক্ষা করে শেষ পর্যন্ত তাঁর প্রেমের মর্যাদা দিতে পারেনি।’
বিশেষ তথ্যচিত্র : স্টোরি অব গীতাঞ্জলি
দুপুর ১টা ২৫ মিনিটে প্রচারিত হবে বিশেষ তথ্যচিত্র ‘স্টোরি অব গীতাঞ্জলি’। এই তথ্যচিত্রে রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি রচনার বিভিন্ন দিক উঠে এসেছে।
বিশেষ নৃত্যানুষ্ঠান : নৃত্যালোকে রবীন্দ্রনাথ
বিকেল ৫টা ৩০ মিনিটে প্রচারিত হবে বিশেষ নৃত্যানুষ্ঠান ‘নৃত্যালোকে রবীন্দ্রনাথ’। জাহাঙ্গীর চৌধুরীর প্রযোজনায় অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন নুজহাত সাওম।
এই অনুষ্ঠানের নৃত্য পরিচালনা এবং পরিবেশনা করেছেন কবিরুল ইসলাম রতন ও তাঁর দল। রবীন্দ্রনাথ তাঁর জীবদ্দশায় শিল্প ও সাহিত্য অঙ্গনের এমন কোনো বিষয় নেই, যেখানে তিনি পদচারণা করেননি। কখনো তা গ্রহণ করেছেন পাশ্চাত্য শিল্পভাবনা থেকে, কখনো বা গ্রহণ করেছেন বাংলার আবহমান লোকজ শিল্পধারা থেকে। তবে শেষাবধি তা হয়ে উঠেছে স্বকীয় ও সৃষ্টিশীল। তেমনি একটি ধারা নৃত্যনাট্য। আধুনিক বাংলা নৃত্যনাট্যের শুরুটা রবীন্দ্রনাথের হাতেই শুরু হয়েছিল, যথা—চিত্রাঙ্গদা, শ্যামা ও চণ্ডালিকা দিয়ে। নৃত্যনাট্যগুলোর সাহিত্যমান, সুরারোপ ও প্রায়োগিক দিক নিয়ে আয়োজন ‘নৃত্যালোকে রবীন্দ্রনাথ’।
বিশেষ নাটক : চারু এবং অন্যান্য
রাত ১১টা ৩০ মিনিটে প্রচারিত হবে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘নষ্টনীড়’ গল্প অবলম্বনে নাটক ‘চারু এবং অন্যান্য’। তুহিন অবন্তর চিত্রনাট্য রচনা ও পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন, বিদ্যা সিনহা সাহা মিম, মাজনুন মিজান, আজিজুল হাকিম, নির্মি মৌ প্রমুখ।
নাটকটির গল্পে দেখা যাবে, ‘আইনবিদ ভূপতি সারাক্ষণ ব্যস্ত থাকেন ইংরেজিচর্চা আর তার প্রেস ব্যবসা নিয়ে। স্ত্রী চারুকে একেবারেই সময় দিতে পারেন না। নিঃসঙ্গতায় ভোগে চারু, তার সময় কাটে অলসভাবে বই পড়ে। এই সংসারে থাকে ভূপতির মাসতুতো ভাই অমল। অমল সবেমাত্র বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার পাঠ শেষ করেছে, এখনো বেকার। স্বাভাবিকভাবেই একে অপরকে বন্ধু করে নেয়। অমল আর চারু আড্ডার ফাঁকে নানারকম সাহিত্যচর্চায় মেতে ওঠে, বাড়ি সাজানোর নানারকম পরিকল্পনা করতে থাকে। ধীরে ধীরে অমলের প্রতি চারুর জন্ম নেয় গভীর প্রেম, অমলের মধ্যেও প্রেম জাগে চারুর প্রতি। আর তখনই ভূপতির প্রেস ব্যবসা পড়ে হুমকির মুখে। ধারদেনায় চিন্তিত হয়ে পড়ে ভূপতি। অবস্থা পর্যবেক্ষণ করে অমল এক রাতে বাড়ি ছেড়ে চলে যায় চাকরির সন্ধানে। আবার নিঃসঙ্গ হয় চারু।’

নাইস নূর