তারকাবহুল নাটক ‘দ্য করপোরেট’
রাজধানীর একটি রেস্তোরাঁয় মেগা ধারাবাহিক নাটক ‘দ্য করপোরেট’-এর প্রিমিয়ার শো দেখানো হয়েছে গতকাল শনিবার। নাটকটির প্রিমিয়ার শো উপলক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলন অনুষ্ঠানে পিআর প্রোডাকশনের প্রধান মাসুদুজ্জামান, প্রাণ-আরএফএল গ্রুপের মিডিয়াপ্রধান সুজন মাহমুদ, দেশ টিভির উপব্যবস্থাপনা পরিচালক আরিফ হাসান ও নাটকের পরিচালক আলভী আহমেদ উপস্থিত ছিলেন। মূলত করপোরেট প্রতিষ্ঠানের বৈচিত্র্যময় কর্মকাণ্ড নিয়ে নতুন এ ধারাবাহিকটি নির্মাণ করা হয়েছে। নাটকটির প্রযোজনায় রয়েছে পিআর প্রোডাকশন। প্রতি শনি, রবি ও সোমবার রাত ১০টা ৩০ মিনিটে নাটকটি দেশ টিভিতে প্রচারিত হবে।
আলভী আহমেদের পরিচালনায় নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, প্রভা, হিল্লোল, মৌটুসি বিশ্বাস, তুষার মাহমুদ, রাশেদ মামুন অপু, সমাপ্তি মাসুক, মাসুদা বিজলী, নাফিসা চৌধুরী নাফা, ডায়না, ঊর্মিলা, মোস্তাফিজ শাহীন প্রমুখ।
পরিচালক আলভী আহমেদ বলেন, ‘ভালো নাটক হলে দর্শক টিভিতে না দেখলেও ইউটিউবে দেখেন। করপোরেট নাটকটি অনেক ভালোভাবে বানানোর চেষ্টা করেছি।
থ্রিলার টাইপের নাটক এটি। যদি বিজ্ঞাপন কম হয় তাহলে ইউটিউবে নয়, টিভিতেই দর্শক নাটকটি দেখবেন বলে আমি আশা করছি।’
অন্যদিকে টিভি পিআর প্রোডাকশনের প্রধান মাসুদুজ্জামান জানান, পিআর প্রোডাকশন দর্শককে সব সময় মানসম্মত নাটক উপহার দেওয়ার চেষ্টা করে। করপোরেট নাটকে দেখা যাবে, বিজ্ঞাপনী সংস্থা সিগনেচারের কর্ণধার নুসরাতের (প্রভা) সঙ্গে সিক্স হর্স গ্রুপের কর্ণধার আদনানের (শহীদুজ্জামান সেলিম) আধো আধো প্রেমের গুঞ্জন রয়েছে। এদিকে বিজ্ঞাপনী সংস্থা রেইনবোর কর্ণধার রাজীব (হিল্লোল) খুবই চতুর। সে নানা উপায়ে আদনানকে সন্তুষ্ট রাখতে চায়। আদনানকে সন্তুষ্ট রাখতে রাজীব ও নুসরাতের দ্বান্দ্বিক সম্পর্ক নিয়েই এগিয়েছে ‘করপোরেট’।

ফিচার ডেস্ক