সারিকা আপুর হাসির ভক্ত ছিলাম : জোভান
‘জানেন, আমি সারিকা আপুর হাসির অনেক ভক্ত ছিলাম। এখনো আছি। তাঁর সঙ্গে প্রথমবার কাজ করতে যাব, এটা জেনেই খুশি লাগছে।’ কথাগুলো হাসিমুখে বলছিলেন অভিনেতা জোভান। মডেল-অভিনেত্রী সারিকা করিম দীর্ঘ বিরতির পর আবারও অভিনয়ে ফিরছেন। নাটকের নাম ‘আমি তুমি’। এতে তাঁর সহশিল্পী হিসেবে কাজ করবেন এ প্রজন্মের জনপ্রিয় অভিনেতা জোভান। নাটকটি পরিচালনা করবেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। তাঁর গল্পেই নাটকটির চিত্রনাট্য করেছেন আসাদ জামান। নাটকের শুটিং ১৪, ১৫ ও ১৬ আগস্ট।
এদিকে, নাটকটি নিয়ে জোভান যেমন উচ্ছ্বসিত, তেমনি সারিকাও। সারিকা জানালেন, ‘নতুনদের মধ্যে জোভান অনেক ভালো কাজ করে। আমি ওর অভিনয় দেখেছি। আশা করছি, বিরতির পর দর্শকের কাছে ভালো কিছু নিয়ে হাজির হতে পারব।’
অন্যদিকে পরিচালক মুহাম্মদ মোস্তফা কামাল রাজ বলেন, “এ প্রজন্মের ছেলেমেয়েদের গল্প নিয়েই ‘আমি তুমি’ নাটকের গল্প। গল্পের চরিত্রের সঙ্গে সারিকা ও জোভানকে আমার মানাসই লেগেছে। তাই তাঁদের কাস্টিং করেছি। আগামী ঈদে নাটকটি একটি বেসরকারি চ্যানেলে প্রচারিত হবে।”
সারিকা করিম ২০১৩ সালে সর্বশেষ নাটকের শুটিং করেছিলেন। এর পর তাঁকে দর্শক বিজ্ঞাপন কিংবা নাটকে দেখতে পাননি। কারণ নিজের সংসার, স্বামী ও একমাত্র মেয়েকে নিয়ে দারুণ ব্যস্ত ছিলেন সারিকা। এখনো আছেন। শুধু দর্শকের অনুরোধে এখন বেছে বেছে ভালো কিছু কাজ করার ইচ্ছা আছে বলে জানান সারিকা।
আসছে ঈদে ‘আমি তুমি’ নাটকটি ছাড়াও আরো বেশ কিছু ভালো পরিচালকের নাটকে সারিকা অভিনয় করবেন। এরই মধ্যে তিনি বেশ কিছু নাটকের চিত্রনাট্য পড়ে শেষ করেছেন বলেও জানিয়েছেন।

নাইস নূর