অ্যাভারেজ আসলাম
মোনালিসার বদলে সুজানা
গত ঈদে নির্মাতা সাগর জাহান ‘অ্যাভারেজ আসলাম’ নাটকটি নির্মাণ করেছিলেন। নাটকটিতে মোশাররফ করিমের বিপরীতে অভিনয় করেছিলেন মোনালিসা। তিনি এখন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। তাই মোনালিসার পরিবর্তে নাটকটিতে এবার অভিনয় করছেন মডেল ও অভিনেত্রী সুজানা জাফর।
আগামী ঈদুল আজহার জন্য ধারাবাহিক নাটকটির নতুন পর্বের শুটিং হয়েছে গতকাল বৃহস্পতিবার থেকে। এবারও নাটকটির ছয়টি পর্ব নির্মাণ করা হবে। এবারের পর্বের নাম রাখা হয়েছে ‘অ্যাভারেজ আসলামের বিবাহ বিভ্রাট’। নাটকটি আসছে ঈদে বাংলাভিশনে প্রচারিত হবে।
নাটকটি নিয়ে বেশ উচ্ছ্বসিত সুজানা। জানালেন, ‘গরমে শুটিং করার সময় একটু হলেও বিরক্ত লাগে। কিন্তু হাসির নাটকে অভিনয় করতে কষ্ট হয় না। বেশ মজা নিয়ে অভিনয় করা যায়। অ্যাভারেজ আসলাম তো হাসির নাটক। নাটকের শুটিংয়ের সময় অনেক মজা হয়েছিল গতকাল। ’
নাটকের কলাকুশলীদের প্রশংসা করে সুজানা আরো বলেন, “সাগর জাহান ভাই অনেক ভালো একজন নির্মাতা। তাঁর নাটকের নিয়মিত দর্শক আমি। গেল ঈদে ‘অ্যাভারেজ আসলাম’ নাটকটি আমি দেখেছিলাম। খুব ভালো লেগেছিল আমার। এবার আমি নাটকটিতে অভিনয় করছি। ভালোই লাগছে। মোশাররফ ভাইয়ের সঙ্গে এর আগেও আমি নাটকে অভিনয় করেছিলাম। তবে এবারের এই নাটকটির চরিত্র ও কাজের অভিজ্ঞতা একেবারেই ভিন্ন।”
গল্পের প্রয়োজনে ঢাকার বাইরে কক্সবাজারের বিভিন্ন লোকেশনে শুটিং করা হবে নাটকটির। ১৭ আগস্ট এই নাটকের শুটিংয়ের জন্য ইউনিটের সঙ্গে কক্সবাজার যাবেন বলে জানান সুজানা। সেখানে থাকবেন দুদিন। তারপর ঢাকায় ফিরে বেশ কিছু পরিচালকের নাটকে কাজ করবেন তিনি। তাই বর্তমানে নাটকের চিত্রনাট্য পড়া ও শুটিংয়ের প্রস্তুতি নিয়ে সুজানা ব্যস্ত আছেন।

নাইস নূর