ঈদে এনটিভিতে ‘ভালোবাসার সাত রঙ’
ভালোবাসার অনুভূতি সর্বজনীন। এর আবেদন চিরনতুন, চির-অমলিন। ভালোবাসা প্রকাশ করার ভাষাও আলাদা। ভালোবাসায় রয়েছে নানা রূপ, রস ও গন্ধ। ভালোবাসার নানা বর্ণিল রূপ নিয়ে এনটিভি ঈদের সাতদিনব্যাপী আয়োজন করেছে ‘ভালোবাসার সাত রঙ’ নাটক। এই আয়োজনে ভালোবাসার মোট সাতটি নাটক দেখানো হবে।
নাটকগুলো ঈদের দিন থেকে শুরু করে টানা সাতদিন রাত ৮টা ৫ মিনিটে এনটিভিতে প্রচারিত হবে। সাতটি নাটকের নামের শুরুতেই রয়েছে রঙধনুর সাত রঙের নাম। চলুন জেনে নিই, ‘ভালোবাসার সাত রঙ’-এর আয়োজনে কী কী নাটক থাকছে।
‘নীল রৌদ্রের ঘ্রাণ’ নাটকটি নির্মাণ করেছেন জাকারিয়া সৌখিন। এতে অভিনয় করেছেন নিশো, মেহজাবীন। ‘কমলা রাঙা রোদ’ নাটকটি নির্মাণ করেছেন আশফাক নিপুণ। এতে অভিনয় করেছেন মাহফুজ আহমেদ ও তিশা। ‘হলুদ রঙের বায়না’ নাটকটি নির্মাণ করেছেন ইমরাউল রাফাত। নাটকটিতে অভিনয় করেছেন জাহিদ হাসান ও পূর্ণিমা। ‘সবুজের আলপথে একদিন’ নাটকটি প্রসূন রহমানের রচনায় নির্মাণ করেছেন কৌশিক শংকর দাস। নাটকটিতে অভিনয় করেছেন নোবেল, মৌ। ‘বেগুনী বিকেলের গল্প’ নাটকটি নির্মাণ করেছেন আর বি প্রিতম। এতে অভিনয় করেছেন তৌকীর আহমেদ ও মিলা হোসেন। ‘আকাশী রঙের দোলনা’ নাটকটি মারুফ রেহমানের রচনায় পরিচালনা করেছেন ইমেল হক। এতে অভিনয় করেছেন জন কবির ও তিশা। ‘লাল রঙা স্বপ্ন’ নাটকটি তানিন রহমানের চিত্রনাট্যে পরিচালনা করেছেন মাবরুর রশিদ বান্নাহ্। এতে অভিনয় করেছেন মেহজাবীন ও জোভান।

ফিচার ডেস্ক