ঈদে এনটিভিতে মাহির একক নৃত্যানুষ্ঠান
ঈদে বড় পর্দায় দেখা যাবে না দেশের জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহিকে। তবে ছোট পর্দায় তিনি ঠিকই থাকছেন; নায়িকা হিসেবে নয়, নৃত্যশিল্পী হিসেবে। ঈদের জন্যই একক নাচের অনুষ্ঠান করেছেন তিনি। নৃত্যানুষ্ঠানের নাম রাখা হয়েছে ‘উড়বো আমি ডানা মেলে’। ঈদের দ্বিতীয় দিন এনটিভিতে রাত ৯টায় প্রচারিত হবে মাহির এই একক নৃত্যানুষ্ঠান। নাচের কোরিওগ্রাফি করেছেন ইভান শাহরিয়ার সোহাগ। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন ওয়াহিদুল ইসলাম শুভ্র।
এনটিভি অনলাইনের সঙ্গে আলাপে ওয়াহিদুল ইসলাম শুভ্র বলেন, ‘মাহি বড় পর্দার সুপারস্টার। তাঁর সিনেমার বেশ কিছু জনপ্রিয় গাওয়া গান নিয়েই শুধু আমরা নৃত্যানুষ্ঠান সাজাতে পারতাম। কিন্তু আমরা সেটা করিনি। নিজের সিনেমার গানে নাচ ছাড়াও মাহিকে এই অনুষ্ঠানে রবীন্দ্রসংগীতের তালেও নাচতে দেখা যাবে। আমার ধারণা, এটা নাচের অনুষ্ঠানে ভিন্ন মাত্রা যোগ করবে। এ ছাড়া অন্য শিল্পীদের গাওয়া আধুনিক গানেও মাহির নাচ দেখা যাবে।’
অন্যদিকে ইভান শাহরিয়ার সোহাগ বলেন, ‘মাহির পারফরম্যান্স অসাধারণ হয়েছে। এবার ঈদে মাহির জমকালো নাচের অনুষ্ঠান দর্শক উপভোগ করবেন।’


ফিচার ডেস্ক