দীপ্ত টিভির নাটক ‘প্রেমিকার বিয়ে’
শেষ কবে প্রেমে পড়েছেন? প্রশ্নটি ব্যক্তিগত হলেও অনেকেই উত্তর হয়তো দেবেন। কিন্তু যদি প্রশ্ন করা হয় প্রেমিকার বিয়েতে কেমন লেগেছে? এবার সবার বিরক্ত হওয়ার পালা। একটু অস্বস্তিকর প্রশ্ন কিনা! মজার ব্যাপার হচ্ছে, যে মেয়েকে ভালোবাসেন তাকে পান না এমনটা অনেকেরই হয়েছে। কিন্তু ভালোবাসলেই সে মেয়ের বিয়ে হয়ে যায়, আমাদের আশপাশে এমন মানুষও কিন্তু আছেন।
এমনই মজার এক গল্পে তৈরি হয়েছে ঈদের নাটক ‘প্রেমিকার বিয়ে’। নাটকটি পরিচালনা করেছেন তানভীর সানি। রচনায় ফাহমিদুর রহমান ও আহমেদ খান হীরক! দীপ্ত টিভিতে ঈদের তৃতীয় দিন অর্থাৎ ১৫ সেপ্টেম্বর রাত ১১টায় প্রচারিত হবে নাটকটি।
নাটকের সেই প্রেমিকের নাম মারুফ। খুব শখ প্রেম করে বিয়ে করবে। একে একে জীবনে আসে পাঁচজন। কিন্তু থাকে না কেউই। সেই একই সমস্যা! প্রেমিকাদের বিয়ে হয়ে যায়! কিন্তু মারুফও নাছোড়বান্দা। বিয়ে সে প্রেম করেই করবে। এ নিয়েই হতে থাকে মজার সব ঘটনা।
পরিচালক তানভীর সানি বলেন, ‘নাটক তো আসলে জীবনেরই গল্প। বারবার প্রেমিকাদের বিয়ে হয়ে যাওয়া যে একসময় হতাশার বাইরে চ্যালেঞ্জের কারণ হতে পারে সেটা আমরা দেখাতে চেষ্টা করেছি।’
নাটকের মূল চরিত্রে রয়েছেন মিশু সাব্বির। তাঁর বিপরীতে অভিনয় করেছেন সোনিয়া হোসেন, আইরিন আফরোজ, নাফিসা কামাল ঝুমুর, শান্তা রহমান, লাবণ্য প্রমুখ।

ফিচার ডেস্ক