এনটিভিতে ঈদের দ্বিতীয় দিনের আয়োজন
ঈদুল আজহা উপলক্ষে এনটিভি সাতদিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করেছে। চলুন জেনে নিই, ঈদের দ্বিতীয় দিনে কী কী অনুষ্ঠান প্রচারিত হবে।
বিশেষ টেলিফিল্ম : সাইরেন
দুপুর ২টা ৩৫ মিনিটে প্রচার হবে বিশেষ টেলিফিল্ম ‘সাইরেন’। অঞ্জন আইচের রচনা ও পরিচালনায় এতে অভিনয় করেছেন সুবর্ণা মুস্তাফা, সাদিয়া ইসলাম মৌ, তারিক আনাম খান, সাবিলা নূর, মাজনুন মিজান, নিরব, সুজাত শিমূল প্রমুখ।
টেলিফিল্মের কাহিনী এমন- দুদিন পরই বাড়িতে বিয়ে। দুই চোখে ঘুম নেই সময়-এর মা রাত্রির। রাত্রি আর তাঁর স্বামী হাসান সাহেবের ইচ্ছানুসারে মেয়ের বিয়ে নিজ বাড়িতেই দেওয়ার সিদ্ধান্ত নেন। সবকিছু ঠিকঠাক, ঠিক এই সময় রাত্রির দূরসম্পর্কের বোন কণা রেজা আমেরিকা থেকে ফোন দিয়ে অনুরোধ করে সময়ের বিয়েটা সামনে থেকে দেখার। ২২ বছর আগে সে দেশ ছেড়ে চলে গিয়েছিল। রাত্রি ব্যাপারটা হাসানকে জানালে হাসান একেবারেই রাজি হয় না। কিন্তু হুট করেই ওই বাড়িতে চলে আসে কণা রেজা। ব্যাপারটা একটুও পছন্দ করেন না হাসান সাহেব। রাত্রি ব্যাপারটা বলতে গিয়ে জানতে পারে একটা নির্মম সত্য। কণা প্রচণ্ড অসুস্থ, খুব দ্রুত তাঁর মৃত্যু হবে। মৃত্যুর আগে সে রাত্রির বিয়েটা দেখে যেতে চায়। কারণ সময় যে তাঁর নিজেরই মেয়ে!
বিশেষ নৃত্যানুষ্ঠান : নীল পাহাড়ের ধারে
বিকেল ৫টা ১৫ মিনিটে প্রচার হবে বিশেষ নৃত্যানুষ্ঠান ‘নীল পাহাড়ের ধারে’। মোহাম্মদ নূরুজ্জামানের প্রযোজনায় এই অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন নোভা। এই অনুষ্ঠানে পাঁচটি ভিন্ন উপজাতি পাঁচটি ভিন্ন নৃত্য নিয়ে অংশগ্রহণ করেছেন।
বিশেষ ধারাবাহিক নাটক : কুসুম কুসুম প্রেম
সন্ধ্যা ৬টা ১০ মিনিটে প্রচারিত হবে আবু হায়াত মাহমুদ পরিচালিত সাত পর্বের বিশেষ ধারাবাহিক নাটক ‘কুসুম কুসুম প্রেম’। এতে অভিনয় করেছেন সারিকা, মোশাররফ করিম, তারিক আনাম খান, ফারুক আহমেদ, শবনম ফারিয়া প্রমুখ।
নাটকের গল্পে দেখা যাবে, কুসুম কুসুম প্রেম নামের একটি চলচ্চিত্রের শুটিং হচ্ছে। এক নায়িকা, দুই নায়ক; ত্রিভুজ প্রেমের কাহিনী। ছবির পরিচালক নতুন। প্রযোজক বদরুল সাহেবের সামনে পড়লেই নার্ভাস পরিচালক। ছবির নায়িকা হালের ক্রেজ ‘সুস্মি’। তার সঙ্গে মা এবং আরো দুজন সহকারী। ছবির দুই নায়কের একজন চমকের প্রথম ছবি এটা। সুযোগ পেলেই তার দুঃখের কাহিনী শোনায় সবাইকে। ছবির আরেক নায়ক হিমেল, যার বাবা প্রযোজকের ঘনিষ্ঠ বন্ধু। নায়িকার বাবার চরিত্র করছেন একসময়ের জনপ্রিয় নায়ক মনজিল, যিনি শুধু নায়কের মতো পোশাক-আশাক পরতে চান। এই ছবির প্রোডাকশন ম্যানেজারের নাম আহসান। সে বলে, আছান। এ রকম একটি মজার ইউনিটে কাজ করছে সবাই। ছবিটি ঈদে মুক্তি পাবে। তবে শুটিংয়ে কাজের চেয়ে কাণ্ডই হতে থাকে বেশি। পরিচালকের একটাই চিন্তা, শেষ পর্যন্ত ছবির কাজ শেষ করতে পারবেন তো!
বিশেষ ধারাবাহিক নাটক : সাদা কালো রঙিন
সন্ধ্যা ৭টায় প্রচারিত হবে সাত পর্বের বিশেষ ধারাবাহিক নাটক ‘সাদা কালো রঙিন’। আলী ফিদা একরাম তোজোর রচনা ও পরিচালনায় এই নাটকে অভিনয় করেছেন চম্পা, রাজ, মিলা হোসেন, মাজনুন মিজান, আহমেদ রুবেল, পিদিম প্রমুখ।
নাটকের গল্পে দেখা যাবে, ‘একটি নিউজ পোর্টালের মালিক রাজের মাসখানেকের মধ্যে ২৬ লাখ টাকা প্রয়োজন। কোনো উপায় খুঁজে না পেয়ে নেপাল যায় সে। হঠাৎ দেখে তার স্ত্রীও নেপালে অন্য কোনো একজনের সঙ্গে ঘুরছে। ওদিকে নেপালি এক মহিলার সঙ্গে পরিচয় হয় রাজের। একদিন ঘটনাক্রমে রাজের সঙ্গে এক মহিলাকে দেখে তার স্ত্রী। একটা পর্যায়ে তারা মুখোমুখি হয়। দাম্পত্য সমস্যা কেটে যায় তাদের। আর্থিক সমস্যা কাটে না। জানা যায়, এই মহিলা আসলে নেপালি নয়, বাংলাদেমি। অনেক বছর হলো সে নেপালের দরিদ্র জীবন বেছে নিয়েছে কোনো এক ব্যক্তির ভয়ে। একসময় সেই মহিলাই তাদের টাকার ব্যবস্থা করে দেয়। কিন্তু কে এই নারী?
বিশেষ নাটক : কমলা রাঙা রোদ
রাত ৮টা ৫ মিনিটে প্রচার হবে বিশেষ নাটক ‘কমলা রাঙা রোদ’। আশফাক নিপুণের রচনা ও পরিচালনায় এই নাটকে অভিনয় করেছেন- মাহফুজ আহমেদ, নুশরাত ইমরোজ তিশা প্রমুখ। নাটকের কাহিনী এমন- ভালোবাসা কখনো একগতিতে মসৃণভাবে চলে না। চলতে চলতে ভালোবাসার মধ্যে মন্দবাসা এসে ঢুকে যায়, মন্দ আবার ভালো হয়। ভালোবাসার আকাশ অনেক বড়। এই আকাশকে ধারণ করা যেমন অসম্ভব, এর বেদনাকে সামাল দেওয়াও অনেক কষ্ট। মুহিব আর অর্পার গল্পও একই। প্রচণ্ড ভালোবাসায় সিক্ত এই মানব-মানবীও বারবার হোঁচট খায়। হোঁচট খেয়ে উঠে দাঁড়ায়, এগাতে থাকে, আবার হোঁচট খায়। কমলা রাঙা রোদ মুহিব আর অর্পার হোঁচট খাওয়ার গল্প।
একক নৃত্যানুষ্ঠান : উড়ব আমি ডানা মেলে
রাত ৯টা ৫ মিনিটে প্রচার হবে একক নৃত্যানুষ্ঠান ‘উড়বো আমি ডানা মেলে’। ওয়াহিদুল ইসলাম শুভ্রর প্রযোজনায় বিশেষ এই অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেছেন এ সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি।
বিশেষ ধারাবাহিক নাটক : সাবলেট গুবলেট
রাত ৯টা ৫০ মিনিটে প্রচার হবে সাতপর্বের বিশেষ ধারাবাহিক নাটক ‘সাবলেট গুবলেট’। সারওয়ার রেজা জিমির রচনায় নাটকটি পরিচালনা করেছেন তুহিন হোসেন। অভিনয় করেছেন আফরান নিশো, উর্মিলা শ্রাবন্তী কর, বিজরী বরকতউল্লাহ, সাজু খাদেম, কুসুম শিকদার, প্রাণ রায়, চিত্রলেখা গুহ, দিলারা জামান প্রমুখ। নাটকটি সংক্ষেপে বলতে গেলে- বিশ্ববিদ্যালয়ের হল ছেড়ে দিয়ে বাসা খুঁজছিল ফুয়াদ। কিন্তু ব্যাচেলরদের জন্য ঢাকা শহরে বাসা ভাড়া পাওয়া কঠিন। শেষে বন্ধু সোহেলের পরিচিত এক পরিবারের সঙ্গে সাবলেট উঠতে হয় তাকে। সে এক অদ্ভুত পরিবার। বাসার কর্ত্রী তহুরুন্নেসা, তাঁর আশি বছরের বৃদ্ধা মা জয়তুন্নেসা, ছেলে অনিক, মেয়ে দিলরুবা আর ঘরজামাই স্বামী শেহজাদ। সবশেষে যোগ হয় অনিক-দিলরুবার মামাতো বোন শায়লা। আসে আরেক রহস্যময় নারীও। নানা কাণ্ডকীর্তিতে প্রতিনিয়ত হাস্যরস আর বিড়ম্বনা তৈরি করে এরা প্রত্যেকে, আর এসবের মধ্যে পড়ে ফুয়াদের সাবলেট জীবন রীতিমতো গুবলেট হতে বসে।
বিশেষ ধারাবাহিক নাটক : বিউটি বোট
রাত ১১টায় প্রচার হবে সাত পর্বের বিশেষ ধারাবাহিক নাটক ‘বিউটি বোট’। আজাদ আবুল কালামের রচনায় নাটকটি পরিচালনা করেছেন আবু রায়হান জুয়েল। অভিনয় করেছেন- জাহিদ হাসান, তিশা, আফজাল শরীফ, শহীদুল্লাহ সবুজ, দিলু খান, এমিলি প্রমুখ। নাটকটির কাহিনী সংক্ষেপ হলো- মকবুলের স্ত্রী রেনু চাকরি করে সদরের একমাত্র মেয়েদের বিউটি পারলারে। অলস মকবুলের দিন কাটে কর্মহীন। তার সঙ্গে একমাত্র শ্যালক রুহুল। রেনু একদিন সিদ্ধান্ত নেয় সে নিজেই বিউটি পার্লার দেবে এবং সহযোগী হিসেবে মকবুল এবং রুহুলকে ট্রেনিং নিতে হবে। কিন্তু সদরের একমাত্র বিউটি পার্লারের মালিক শাহানাজ মাস্তান তৌহিদের স্ত্রী। সদরে আর কোনো বিউটি পার্লার দেওয়া যাবে না। রেনু দমবার পাত্রী নয়। বিউটি পার্লার হবে ভাসমান এবং সেটা হবে মকবুলেরই নৌকায়। পার্লারের নাম হবে বিউটি বোট। নদী তীরবর্তী নানা জায়গায় থামে বিউটি বোট, নানা ঘটনার জন্ম দেয়।
বিশেষ নাটক : মিস্টার অ্যান্ড মিসেস
রাত ১১টা ৩০ মিনিটে প্রচার হবে বিশেষ নাটক ‘মিস্টার অ্যান্ড মিসেস’। মিজানুর রহমান আরিয়ানের রচনা ও পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন তাহসান, মিথিলা, আলিফ, আনন্দ খালিদ, ফ্লোরা সরকার প্রমুখ। নাটকের কাহিনী সংক্ষেপে এমন- মেঘলার সঙ্গে রাহাতের বিয়ে। পড়াশোনা শেষ করে একটি কোম্পানিতে ভালো চাকরি করছে সে। তার প্ল্যান ছিল বাবা-মায়ের পছন্দে বিয়ে করবে, আর বিয়ের পর বউয়ের সঙ্গেই প্রেম করবে। বিয়ের রাতে নববধূ মেঘলার কাছ থেকে সে জানতে পারে, তার সঙ্গে একটা ছেলের দীর্ঘদিনের সম্পর্ক; শুধুমাত্র পারিবারিক চাপে সে এই বিয়েটা করেছে। সেই ছেলে অস্ট্রেলিয়া থাকে, নাম অভিজিৎ; হিন্দু ধর্মের। এই কারণেই তার পরিবার মেনে নেবে না। তাই সেই ছেলে দুই মাস পর দেশে ফিরলে তাকে নিয়ে সে পালিয়ে যাবে। বিশ্ববিদ্যালয় জীবনে দেখা রাহাতের সমস্ত স্বপ্ন বিয়ের রাতেই যেন শেষ!

নাইস নূর