এনটিভির সপ্তম দিনের আয়োজন
ঈদুল আজহা উপলক্ষে এনটিভি সাত দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করেছে। চলুন জেনে নিই, ঈদের সপ্তম দিন সোমবার কী কী অনুষ্ঠান প্রচারিত হবে।
বিশেষ টেলিফিল্ম : বসন্তের পংক্তিমালা
দুপুর ২টা ৩৫ মিনিটে প্রচার হবে বিশেষ টেলিফিল্ম ‘বসন্তের পংক্তিমালা’। শাহ মো. নাঈমূল করিমের রচনায় টেলিফিল্মটি পরিচালনা করেছেন সকাল আহমেদ। এখানে অভিনয় করেছেন মৌসুমী, মাহফুজ আহমেদ, সাদিয়া জাহান প্রভা, ওমর সানী, আরফান প্রমুখ।
বিশেষ আড্ডার অনুষ্ঠান : জল জঙ্গলের কাব্য
বিকেল ৫টা ১৫ মিনিটে প্রচার হবে বিশেষ আড্ডার অনুষ্ঠান ‘জল জঙ্গলের কাব্য’। জাহাঙ্গীর চৌধুরীর প্রযোজনায় অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন ইভান সাইর। এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন সংগীতশিল্পী মুহিন, অবন্তী সিঁথি ও অভিনয় ও নৃত্যশিল্পী চৈতী। সিলেটের রাতারগুল ও শ্রীমঙ্গলের লাউয়াছড়া জাতীয় উদ্যানে এই অনুষ্ঠানটির ধারণকাজ করা হয়েছে।
বিশেষ ধারাবাহিক নাটক : কুসুম কুসুম প্রেম
সন্ধ্যা ৬টা ১০ মিনিটে প্রচারিত হবে আবু হায়াত মাহমুদ পরিচালিত সাত পর্বের বিশেষ ধারাবাহিক নাটক ‘কুসুম কুসুম প্রেম’। এতে অভিনয় করেছেন সারিকা, মোশাররফ করিম, তারিক আনাম খান, ফারুখ আহমেদ, শবনম ফারিয়া প্রমুখ।
নাটকের গল্পে দেখা যাবে, ‘কুসুম কুসুম প্রেম’ নামের একটি চলচ্চিত্রের শুটিং হচ্ছে। এক নায়িকা, দুই নায়ককে নিয়ে ত্রিভুজ প্রেমের কাহিনী। ছবির পরিচালক নতুন। প্রযোজক বদরুল সাহেবের সামনে পড়লেই নার্ভাস হয়ে যায় পরিচালক। ছবির নায়িকা হালের ক্রেজ ‘সুস্মি’। তার সাথে সব সময় থাকে তার মা ও দুজন সহকারী। ছবির দুই নায়কের একজন চমক, তার প্রথম ছবি এটা। সুযোগ পেলেই তার দুঃখের কাহিনী শোনায় সবাইকে। ছবির আরেক নায়ক হিমেল, যার বাবা প্রযোজকের ঘনিষ্ঠ বন্ধু। নায়িকার বাবার চরিত্র করছেন একসময়ের জনপ্রিয় নায়ক মনজিল, যে শুধু নায়কের মতো পোশাক-আশাক পরতে চান। এই ছবির প্রোডাকশন ম্যানেজারের নাম আহসান। সে বলে, আছান। এ রকম একটি মজার ইউনিটে কাজ করছে সবাই। ছবিটি ঈদে মুক্তি পাবে। তবে শুটিংয়ে কাজের চেয়ে নানা কাণ্ডই হতে থাকে বেশি। পরিচালকের একটাই চিন্তা, শেষ পর্যন্ত ছবির কাজ শেষ করতে পারবেন তো?
বিশেষ ধারাবাহিক নাটক : সাদা কালো রঙিন
সন্ধ্যা ৭টায় প্রচার হবে সাত পর্বের বিশেষ ধারাবাহিক নাটক ‘সাদা কালো রঙিন’। আলী ফিদা একরাম তোজোর রচনা ও পরিচালনায় এই নাটকে অভিনয় করেছেন চম্পা, রাজ, মিলা হোসেন, মাজনুন মিজান, আহমেদ রুবেল, পিদিম প্রমুখ।
একটি নিউজ পোর্টালের মালিক রাজের মাসখানেকের মধ্যে ২৬ লাখ টাকা প্রয়োজন। কোনো উপায় খুঁজে না পেয়ে নেপাল যায় সে। হঠাৎ দেখে তার স্ত্রীও নেপালে অন্য কোনো একজনের সাথে ঘুরছে। ওদিকে নেপালি এক মহিলার সাথে পরিচয় হয় রাজের। একদিন ঘটনাক্রমে রাজের স্ত্রী রাজের সাথে এক মহিলাকে দেখে। একটা পর্যায়ে তারা মুখোমুখি হয়। দাম্পত্য সমস্যা কেটে যায় তাদের। আর্থিক সমস্যা কাটে না। জানা যায়, এই মহিলা আসলে নেপালি নয়, বাংলাদেশি। অনেক বছর হলো সে নেপালের দরিদ্র জীবন বেছে নিয়েছে কোনো এক ব্যক্তির ভয়ে। একসময় সেই মহিলাই তাদের টাকার ব্যবস্থা করে দেয়। কিন্তু কে এই নারী?
বিশেষ নাটক : লাল রঙা স্বপ্ন
রাত ৮টা ৫ মিনিটে প্রচার হবে বিশেষ নাটক ‘লাল রঙা স্বপ্ন’। তানিন রহমানের রচনায় নাটকটি পরিচালনা করেছেন মাবরুর রশীদ বান্নাহ। নাটকটিতে অভিনয় করেছেন মেহজাবীন, জোভান, আনন্দ খালেদ, অন্তরা আজিম প্রমুখ।
লালনগীতির অনুষ্ঠান : মাটির ঘ্রাণ
রাত ৯টা ৫ মিনিটে প্রচার হবে বিশেষ লালনগীতির অনুষ্ঠান ‘মাটির ঘ্রাণ’। কাজী মোহাম্মদ মোস্তফার প্রযোজনায় অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন সংগীতশিল্পী লিজা। এই অনুষ্ঠানে বাউল লালন ফকিরের জনপ্রিয় কিছু গান পরিবেশন করেছেন বাউল শফি মণ্ডল ও বিউটি।
বিশেষ ধারাবাহিক নাটক : সাবলেট গুবলেট
রাত ৯টা ৫০ মিনিটে প্রচার হবে সাত পর্বের বিশেষ ধারাবাহিক নাটক ‘সাবলেট গুবলেট’। সারওয়ার রেজা জিমির রচনায় নাটকটি পরিচালনা করেছেন তুহিন হোসেন। অভিনয় করেছেন আফরান নিশো, উর্মিলা শ্রাবন্তী কর, বিজরী বরকতউল্লাহ, সাজু খাদেম, কুসুম শিকদার, প্রাণ রায়, চিত্রলেখা গুহ, দিলারা জামান প্রমুখ।
বিশ্ববিদ্যালয়ের হল ছেড়ে দিয়ে বাসা খুঁজছিল ফুয়াদ। কিন্তু ব্যাচেলরদের জন্য ঢাকা শহরে বাসা ভাড়া পাওয়া কঠিন। শেষে বন্ধু সোহেলের পরিচিত এক পরিবারের সঙ্গে সাবলেট উঠতে হয় তাকে। সে এক অদ্ভুত পরিবার। বাসার কর্ত্রী তহুরুন্নেসা, তার ৮০ বছরের বৃদ্ধ মা জয়তুন্নেসা, ছেলে অনিক, মেয়ে দিলরুবা আর ঘরজামাই স্বামী শেহজাদ। সবশেষে যোগ হয় অনিক-দিলরুবার মামাতো বোন শায়লা। আসে আরেক রহস্যময় নারীও। নানান কাণ্ড-কীর্তিতে প্রতিনিয়ত হাস্যরস আর বিড়ম্বনা তৈরি করে এরা প্রত্যেকে। আর এসবের মধ্যে পড়ে ফুয়াদের সাবলেট জীবন রীতিমতো গুবলেট হতে বসে।
বিশেষ ধারাবাহিক নাটক : বিউটি বোট
রাত ১১টায় প্রচার হবে সাত পর্বের বিশেষ ধারাবাহিক নাটক ‘বিউটি বোট’। আজাদ আবুল কালামের রচনায় নাটকটি পরিচালনা করেছেন আবু রায়হান জুয়েল। অভিনয় করেছেন জাহিদ হাসান, তিশা, আফজাল শরীফ, শহীদুল্লাহ সবুজ, দিলু খান, এমিলি প্রমুখ।
মকবুলের স্ত্রী রেনু চাকরি করে শহরের একমাত্র বিউটি পার্লারে। অলস মকবুলের দিন কাটে কর্মহীন। তার সাথে থাকে একমাত্র শ্যালক রুহুল। রেনু একদিন সিদ্ধান্ত নেয়, সে নিজেই বিউটি পার্লার দেবে এবং সহযোগী হিসেবে মকবুল ও রুহুলকে প্রশিক্ষণ নিতে হবে। কিন্তু সদরের একমাত্র বিউটি পার্লারের মালিক শাহানাজ। তার স্বামী তৌহিদ এলাকার কুখ্যাত মাস্তান। তারা শহরে আর কোনো বিউটি পার্লার দিতে দেবে না। তবু রেনু দমবার পাত্রী নয়। বিউটি পার্লার হবে ভাসমান এবং সেটা হবে মকবুলেরই নৌকায়। পার্লারের নাম হবে ‘বিউটি বোট’। নদী তীরবর্তী নানা জায়গায় থামে বিউটি বোট, নানা ঘটনার জন্ম দেয়।
বিশেষ নাটক : বোকারাই প্রেমে পড়ে
রাত ১১টা ৩০ মিনিটে প্রচার হবে বিশেষ নাটক ‘বোকারাই প্রেমে পড়ে’। রিয়াজুল আলম শাওনে রচনায় নাটকটির চিত্রনাট্য রচনা ও পরিচালনা করেছেন নাজমুল হক বাপ্পী। নাটকটিতে অভিনয় করেছেন ইমন, মম, কাজী উজ্জল, আনন্দ খালেদ, সোমা হক, নিকুল প্রমুখ।

নাইস নূর