সুবর্ণার প্রতিবেশী সৌদ!
অভিনয় নিয়ে ব্যস্ত সময় পার করছেন জনপ্রিয় অভিনয়শিল্পী সুবর্ণা মুস্তাফা, অন্যদিকে তাঁর জীবনসঙ্গী বদরুল আনাম সৌদ ব্যস্ত সময় কাটাচ্ছেন পরিচালনায়। বাস্তবের এই জুটি সম্প্রতি একটি নাটকে অভিনয় করেছেন। ‘প্রিয় প্রতিবেশী’ নামের নাটকটি পরিচালনা করেছেন গোলাম মুক্তাদীর। নাটকটি লিখেছেন মাসুম শাহরিয়ার। বাস্তবে জুটি হলেও এই নাটকে জুটি নন সুবর্ণা ও সৌদ। নাটকটিতে তাঁদের প্রতিবেশী হিসেবে দেখা যাবে। এমনটিই জানিয়েছেন নাটকের পরিচালক গোলাম মুক্তাদীর।
গোলাম মুক্তাদীর আরো বলেন, ‘এই নাটকে সুবর্ণা মুস্তাফার সঙ্গে জুটি হয়েছেন জাহিদ হাসান শোভন। নাটকে বাড়িওয়ালা থাকেন সুবর্ণা মুস্তাফা আর তাঁর বাড়ির ভাড়াটিয়া থাকেন বদরুল আনাম সৌদ। কিন্তু তাঁদের মাঝে সম্পর্ক খুব খারাপ থাকে। কিন্তু প্রতিবেশী হয়েও কেন এই দূরত্ব! এটা জানতে হলে ‘প্রিয় প্রতিবেশী’ নাটকটি আমি সবাইকে দেখার আমন্ত্রণ জানাতে চাই। সুবর্ণা আপা আর সৌদ ভাইয়ের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা আমার সব-সময় দারুণ। তাঁরা দুজনই অনেক হেল্পফুল।’
‘প্রিয় প্রতিবেশী’ নাটকটি আগামী ২৩ সেপ্টেম্বর রাত ১১টা ২০ মিনিটে প্রচারিত হবে আরটিভিতে।

ফিচার ডেস্ক