‘আজহার’ এমরানের প্রথম ঝলক
বায়োপিকের দিকে বলিউড ইদানীং বেশ আগ্রহী হয়ে উঠেছে। আর চরিত্র যখন ক্রিকেটারের, তখন তো আগ্রহের জোয়ারই দেখা যাবে। ভারতের সাবেক অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দিনকে নিয়ে নির্মিতব্য বায়োপিক ‘আজহার’-এ নামভূমিকায় দেখা যাবে এমরান হাশমিকে। আলোচিত এই ছবিটিতে আজহারের, তথা এমরানের প্রথম ঝলক প্রকাশ করেছে টাইমস অব ইন্ডিয়াসহ ভারতের বেশ কিছু গণমাধ্যম।
ছবিতে পুরোদস্তুর ব্যাট-প্যাড-হেলমেট নিয়ে এমরানকে দেখা যাচ্ছে। তাঁর দাঁড়ানোর ধরন আর মুখভঙ্গি দেখে বোঝা যাচ্ছে, আজহারউদ্দিনকে নিজের মধ্যে ফুটিয়ে তুলতে ভালো প্রস্তুতি নিয়েছেন তিনি। গলায় ঝুলছে ঠিক তেমনই একটি তাবিজ, যা আজহারের গলায় ঝুলত।
একতা কাপুরের এই ছবির কাস্টিং নিয়ে শুরু থেকেই গুজবের পাল্টাপাল্টি লড়াই লেগেছিল যেন। ব্যক্তি যেহেতু আজহারউদ্দিন, সুতরাং তাঁর পার্শ্ববর্তী চরিত্রগুলোও তো বিশেষ গুরুত্ব বহনকারী বটে! যেমন ধরুন কপিল দেবের কথা! প্রথমে ঠিক হয়েছিল, ১৯৮৩-এর বিশ্বকাপজয়ী ভারতীয় ক্রিকেট লিজেন্ডের চরিত্রে অভিনয় করবেন অর্জুন কাপুর। তার পর নাম এসেছে রণদীপ হুডার।
তবে সবচেয়ে আলোচনা হয়েছে সংগীতা বিজলানি, অর্থাৎ আজহারের সাবেক দ্বিতীয় স্ত্রীর চরিত্র নিয়ে। প্রথমে জ্যাকলিন ফার্নান্দেজ, তার পর কারিনা কাপুর, সবশেষে নাম উঠে এসেছে নার্গিস ফাখরির। এমনকি খোদ সংগীতা বিজলানিকেও নাকি নিজের চরিত্রে অভিনয়ের প্রস্তাব দেওয়ার কথা বলেছিলেন একতা কাপুর।
অবশ্য দুটি প্রধান চরিত্র নিয়ে তেমন কোনো গুজব হয়নি। আজহারউদ্দিন এবং তাঁর প্রথম স্ত্রী নওরিনের চরিত্রে কাস্টিং হয়ে গেছে ঝটপট। এমরান হাশমির সঙ্গে জুটি বাঁধছেন তাঁর ‘ওয়ানস আপন এ টাইম ইন মুম্বাই’-এর সঙ্গী প্রাচি দেশাই।
‘আজহার’-এর মুক্তি পাওয়ার যেন প্রাথমিকভাবে তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী বছর, অর্থাৎ ২০১৬ সালের ১৩ মে। ছবিটি পরিচালনা করবেন টনি ডি’সুজা।

সামি আল মেহেদী