ফেঁসে গেলেন আল্লু অর্জুন, ভক্তের মৃত্যুতে অভিনেতার বিরুদ্ধে চার্জশিট
তেলেগু সুপারস্টার আল্লু অর্জুনে ‘পুষ্পা ২: দ্য রুল’-এর প্রিমিয়ার শো চলাকালে ঘটে যাওয়া পদদলনের ঘটনায় অভিনেতাসহ মোট ২৪ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে পুলিশ। এক বছরেরও বেশি সময় পর হায়দরাবাদের নামপল্লি আদালতের ৯ম অতিরিক্ত মুখ্য বিচারিক ম্যাজিস্ট্রেটের আদালতে চার্জশিটটি জমা দেওয়া হয় বলে খবর এনডিটিভির।
২০২৪ সালের ৪ ডিসেম্বর হায়দরাবাদের আরটিসি এক্স রোডস এলাকার সন্ধ্যা থিয়েটারে প্রিমিয়ার শো চলাকালে আল্লুকে এক নজর দেখার জন্য বিপুল সংখ্যক মানুষ জড়ো হন। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে পদদলনের ঘটনা ঘটে। এতে ৩৫ বছর বয়সী এক নারী রেভাথি নিহত হন। তাঁর নাবালক ছেলে শ্রীতেজ ভিড়ে শ্বাসরুদ্ধ অবস্থায় গুরুতর অসুস্থ হয়ে পড়ে এবং এখনও জটিলতায় ভুগছে।
পুলিশের তদন্তে উঠে এসেছে, দুর্ঘটনার পেছনে ছিল চরম অবহেলা ও নিরাপত্তা বিধি লঙ্ঘন। চার্জশিটে সন্ধ্যা থিয়েটারের মালিক ও ব্যবস্থাপনার বিরুদ্ধে ভিড় নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগ আনা হয়েছে। তদন্তে বলা হয়, আল্লুর উপস্থিতির বিষয়টি আগে থেকেই জানা থাকলেও প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়নি। এমনকি নিরাপত্তাজনিত কারণে পুলিশের পক্ষ থেকে তাঁর উপস্থিতির অনুমতি দেওয়া হয়নি বলেও উল্লেখ করা হয়েছে।
চার্জশিটে আল্লুর বিরুদ্ধেও অভিযোগ আনা হয়েছে। অভিযোগ অনুযায়ী, উচ্চ ঝুঁকিপূর্ণ পরিস্থিতি থাকা সত্ত্বেও তিনি সেখানে যান এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে যথাযথ সমন্বয় করেননি। এ ছাড়া তাঁর ব্যক্তিগত ম্যানেজার, স্টাফ সদস্য এবং আটজন বেসরকারি দেহরক্ষীকেও অভিযুক্ত করা হয়েছে। পুলিশের দাবি, তাঁদের কিছু কর্মকাণ্ড পরিস্থিতিকে আরও বিশৃঙ্খল করে তোলে।
পুলিশ প্রতিবেদনে আরও বলা হয়, ভিআইপি অতিথিদের জন্য আলাদা প্রবেশ ও প্রস্থানপথ না রাখা ছিল বড় ধরনের গাফিলতি। বেসরকারি নিরাপত্তাকর্মীদের চলাচল ও ভিড়ের প্রতি কিছু ইঙ্গিতপূর্ণ আচরণ হঠাৎ করে ভিড়ের চাপ বাড়িয়ে দেয়।
থিয়েটার মালিকদের বিরুদ্ধে অবহেলাজনিত মৃত্যুর অভিযোগে ভারতীয় দণ্ডবিধির ৩০৪-এ ধারায় মামলা করা হয়েছে। পাশাপাশি জননিরাপত্তা বিপন্ন ও আহত করার অভিযোগে ভারতীয় ন্যায় সংহিতার বিভিন্ন ধারাও যুক্ত করা হয়েছে।
ঘটনার পর ২০২৪ সালের ডিসেম্বরে আল্লুকে স্বল্প সময়ের জন্য গ্রেপ্তার করা হলেও পরে তিনি জামিনে মুক্তি পান। তদন্তে তিনি সহযোগিতা করেছেন বলে জানিয়েছে পুলিশ। চার্জশিট দাখিলের মধ্য দিয়ে মামলাটি এখন বিচারিক প্রক্রিয়ায় প্রবেশ করল। নিহত রেভাথির পরিবার এর আগে ন্যায়বিচার ও আহত শিশুটির দীর্ঘমেয়াদি চিকিৎসার জন্য বাড়তি ক্ষতিপূরণের দাবি জানিয়েছিল।

বিনোদন ডেস্ক