ভ্যালেন্টাইন্স ডে-তে প্রকাশিত হলো রানার ‘শুদ্ধ ভালোবাসা’
ভ্যালেন্টাইন ডে উপলক্ষে প্রকাশ হলো কানাডা প্রবাসী সংগীতশিল্পী আনিসুর রহমান রানার ভালোবাসার গান ‘শুদ্ধ ভালোবাসা’। রানার কণ্ঠে গাওয়া গানটি লিখেছেন ও সুর করেছেন আবদুল্লাহ আল মাসুদ। এটি শিল্পীর প্রকাশিত দশম মৌলিক গান।
গানটির একটি ভিডিও ইতোমধ্যে ইউটিউবে প্রকাশ হয়েছে। ভিডিও ধারণ করেছে নাজার আয়ানুর রহমান আর এডিটিং-এর দায়িত্বে ছিলেন এস আইচ পলাশ। গানের অডিও প্রকাশ হয়েছে স্পটিফাইতে।
আনিসুর রহমান রানা বলেন, ‘শুদ্ধ ও প্রকৃত ভালোবাসা এখনও মানুষ নিঃস্বার্থ ভাবে ধারণ করে, অনেকে হয়তো তার খোঁজ পায়, অনেকের হয়তো সারাজীবন চলে যায় এর সন্ধানে। কিন্তু এ অমূল্য ভালোবাসা মানুষের জীবনকে অর্থবহ ও স্বর্গীয় করে তোলে। সেই শুদ্ধ ভালোবাসার সন্ধানে ও আশা থেকেই এ গানের সৃষ্টি।’
সংগীতশিল্পী আনিসুর রহমান রানা পেশায় একজন চিকিৎসক। কিন্তু গান তার সত্তায় মিশে আছে। যিনি কানাডায় গিটারের সুর আর গানে মাতিয়ে চলেছেন বাংলা ভাষাভাষী সংগীতপ্রেমীদের। ইতোমধ্যে গান পরিবেশন করেছেন কানাডার স্টেজগুলোতে।

বিনোদন ডেস্ক