নিজের গান সংরক্ষণে ফাউন্ডেশন গড়ছেন জেমস, শুরু নতুন বছরে
বাংলা ব্যান্ড সংগীতের কিংবদন্তি তারকা নগরবাউল জেমস। চার দশকের বেশি সময় ধরে গানের জাদুতে মাতিয়ে রেখেছেন কয়েক প্রজন্মের শ্রোতাকে। মঞ্চে তাঁর উপস্থিতি মানেই ভক্তদের উচ্ছ্বাস আর উন্মাদনা। দেশের রক সংগীতের জনপ্রিয় তারকা নগরবাউল জেমস এবার নিতে যাচ্ছেন নতুন এক উদ্যোগ। নিজের গান ও সৃষ্টিকর্ম ভবিষ্যৎ প্রজন্মের জন্য সংরক্ষণের পাশাপাশি সামাজিক কর্মকাণ্ড পরিচালনার লক্ষ্যে গড়ে তুলছেন ‘জেমস ফাউন্ডেশন’।
বিষয়টি নিশ্চিত করেছেন জেমসের মুখপাত্র ও ব্যবস্থাপক রুবাইয়াত ঠাকুর রবিন। তিনি জানান, বেশ কিছুদিন ধরেই ফাউন্ডেশনটি গড়ে তোলার পরিকল্পনা করছেন জেমস। বর্তমানে প্রতিষ্ঠানটির নিবন্ধন প্রক্রিয়া নিয়ে চলছে তোড়জোড়। সব প্রস্তুতি শেষ হলে নতুন বছরের শুরুর দিকে এর আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।
ফাউন্ডেশনের উদ্দেশ্য সম্পর্কে রুবাইয়াত ঠাকুর রবিন বলেন, ‘দেশের মানুষ যে ভালোবাসা নগরবাউল জেমসকে দিয়ে যাচ্ছেন, সেই দায়বদ্ধতা থেকে এই উদ্যোগ। জেমসের গানগুলো যেন সঠিকভাবে সংরক্ষিত থাকে এবং প্রজন্মের পর প্রজন্ম টিকে থাকে, তা নিয়ে কাজ করবে ফাউন্ডেশনটি। পাশাপাশি দেশের মানুষের জন্য বিভিন্ন সামাজিক কাজ করার পরিকল্পনাও রয়েছে। এখনো সবকিছু প্রাথমিক পর্যায়ে আছে, কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা চলছে। নিবন্ধনের প্রক্রিয়া শেষ হলে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানানো হবে।’
আশির দশকের শুরুতে ‘ফিলিংস’ ব্যান্ডের গিটারিস্ট ও ভোকালিস্ট হিসেবে ব্যান্ড সংগীতে আত্মপ্রকাশ করেন জেমস। ১৯৮৭ সালে প্রকাশিত হয় ব্যান্ডটির প্রথম অ্যালবাম ‘স্টেশন রোড’। এরপরে ‘নগরবাউল জেমস’ নামে জনপ্রিয়তার আকাশ ছুঁয়েছেন তিনি। এত বছর পরও সমানতালে মঞ্চ মাতিয়ে যাচ্ছেন। শেষ পর্যন্ত গানকে সঙ্গী করেই বেঁচে থাকতে চান তিনি।
বর্তমানে দেশ-বিদেশে স্টেজ শো নিয়ে ব্যস্ত সময় পার করছেন জেমস। দীর্ঘদিন তাঁর নতুন কোনো অ্যালবাম প্রকাশ না পাওয়ায় ভক্তদের মধ্যে অপেক্ষা রয়েছে।

বিনোদন ডেস্ক