পাঁচ বছরের ছোট প্রেমিকের সঙ্গে বিয়ের পিঁড়িতে মাইলি সাইরাস
হলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী মাইলি সাইরাস নতুন জীবনের অধ্যায়ে পা রাখলেন। দীর্ঘদিনের সঙ্গী ম্যাক্স মোরান্ডোর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন এই পপ-তারকা।
ক্যালিফোর্নিয়ার পাম স্প্রিংসে পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে ঘরোয়া আয়োজনে বিয়ে সেরেছেন মাইলি ও ম্যাক্স। ‘পিপল’ ম্যাগাজিনের বরাতে জানা গেছে, গত শনিবার (২১ নভেম্বর) তাঁদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় এবং বিয়ের কয়েকটি স্থিরচিত্রও প্রকাশিত হয়েছে। অনুষ্ঠানে মাইলির মা টিশ সাইরাস ও বোন নোয়া সাইরাস উপস্থিত ছিলেন। এর আগের দিন শুক্রবার বিয়েপূর্ব নৈশভোজের একটি ছবি ভাগ করে নেন মাইলির সৎবোন লিলি-রোজ পার্সেল।
২০২১ সালে সম্পর্কে জড়ানোর পর গত বছরের ডিসেম্বরে বাগদান সারেন ৩৩ বছর বয়সি মাইলি ও ২৮ বছর বয়সি ম্যাক্স। ব্যক্তিগত জীবনের পাশাপাশি সংগীতেও তাঁরা একসঙ্গে কাজ করেছেন ‘এন্ডলেস সামার ভেকেশন’ ও ‘সামথিং বিউটিফুল’সহ মাইলির একাধিক অ্যালবাম ও গানের প্রযোজনা ও লেখার সঙ্গে যুক্ত ছিলেন ম্যাক্স।
১৯৯২ সালে জন্ম নেওয়া মাইলি সাইরাস শৈশবেই ডিজনি চ্যানেলের জনপ্রিয় সিরিজ ‘হানাহ মন্টানা’ দিয়ে বিশ্বব্যাপী পরিচিতি পান। পরবর্তীতে পপ, রক ও অল্টারনেটিভ সংগীতে নিজের স্বতন্ত্র ধারা তৈরি করে ‘রেকিং বল’, ‘দ্য ক্লাইম্ব’ ও ‘ফ্লাওয়ার্স’এর মতো অসংখ্য তুমুল জনপ্রিয় গান উপহার দিয়েছেন। গ্র্যামি পুরস্কারজয়ী এই তারকার ব্যক্তিগত জীবন ও সম্পর্কের নানা অধ্যায় বরাবরই আন্তর্জাতিক গণমাধ্যমে বাড়তি কৌতূহল তৈরি করে।

বিনোদন ডেস্ক